২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার বিরুদ্ধে মামলা: চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ

দলীয় চেয়ারপারসনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ করেছে নগর বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

চট্টগ্রাম, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-দলীয় চেয়ারপারসনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ-সমাবেশ করেছে নগর বিএনপি। বুধবার বিকালে নগরীর নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন নগর বিএনপি'র সভাপতি ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামে এ কর্মসূচি পালন করা হয়। মুন্সীগঞ্জের শ্রীনগরের আড়িয়ল বিলে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ নিয়ে সংঘর্ষের ঘটনায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে প্রধান আসামী করে মামলা করা হয়েছে। আড়িয়ল বিলে নতুন বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্তের বিরোধিতাকারী স্থানীয় জনগণ ঢাকা-মাওয়া সড়ক অবরোধ করে সোমবার। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষে মতিউর রহমান নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হন। ব্যাপক সংঘর্ষে আহত হয় অর্ধশত। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, সাবেক সাংসদ রোজী কবীর, মহানগর বিএনপি'র সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক কাজী বেলালসহ দলের বিভিন্ন থানা শাখার নেতৃবৃন্দ। সমাবেশে সভাপতির বক্তব্যে আমীর খসরু বলেন, বর্তমান সরকার নানা কাজে ব্যর্থ হয়ে বিএনপি'র দোষ ধরতে ব্যস্ত। সরকার উদ্দেশ্যমূলকভাবে আড়িয়ল বিলের ঘটনায় খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করেছেন। তিনি অবিলম্বে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আহবান জানিয়ে বলেন, "এর পরিণাম কখনোই ভাল হবে না।" পরে একটি বিক্ষোভ মিছিল নাসিমন ভবন থেকে শুরু হয়ে এনায়েত বাজার, নিউ মার্কেট মোড় হয়ে পুরাতন রেল স্টেশন চত্বরে গিয়ে শেষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/১৯৫৫ ঘ.