২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনার সমাবেশস্থলে বোমা রাখার মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশে বোমা পুঁতে রাখার মামলায় কোনো সাক্ষী হাজির না হওয়ায় বুধবার সাক্ষ্যগ্রহণ হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2011, 12:27 PM

Updated : 24 Aug 2022, 02:26 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার সমাবেশে বোমা পুঁতে রাখার মামলায় কোনো সাক্ষী হাজির না হওয়ায় বুধবার সাক্ষ্যগ্রহণ হয়নি। ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. রেজাউল ইসলাম আগামী ৮ ফেব্র"য়ারি পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন। এ ধরনের মামলার বিচার শেষ করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনে একশ ৩৫ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে শেষ করতে না পারলে মামলাটি আবারো পুরানো আদালতে ফিরে যাবে। ঢাকার রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি সামশুল হক বাদল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার কারাবন্দি আসামি মুফতি আব্দুল হান্নান ও মাওলানা আবদুর রউফ আরেকটি মামলায় পুলিশ হেফাজতে থাকায় তাদের আদালতে হাজির করা হয়নি। এ মামলায় ২৫ আসামির মধ্যে মুফতি হান্নানসহ ৯ আসামি কারাগারে ১ জন জামিনে এবং ১৫ জন পলাতক রয়েছে। ২০০০ সালের ২০ জুলাই শেখ হাসিনার ভাষণের জন্য মঞ্চ নির্মাণের সময় কোটালীপাড়ার শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি দোকানের সামনে পুঁতে রাখা বোমা উদ্ধার করা হয়। এর দুই দিন পরে ওই মহাবিদ্যালয়ের মাঠে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়ার কথা ছিল। এ ঘটনায় কোটালী পাড়া থানার উপপরিদর্শক (এসআই) নূর হোসেন ওই থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। এ মামলায় গোপালগঞ্জের আদালতে রাষ্ট্রপক্ষে ৪৩ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। জনগুরুত্বপূর্ণ, স্পর্শকাতর ও আলোচিত হওয়ায় মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য গত বছরের সেপ্টেম্বর মাসে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। এ আদালতে একজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়। ওই বছরের ১১ অক্টোবর বিশেষ অসুবিধার কারণ দেখিয়ে ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। ২ নম্বর আদালতের বিচারক না থাকায় এ আদালতে মামলা স্থানান্তরিত হওয়ার অনেক পরে ১৩ ডিসেম্বর ভারপ্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানমকে দিয়ে বিচার শুরু করা হয়। পরে তিনি বদলি হয়ে ঢাকার বাইরের আদালতে চলে যাওয়ায় বুধবার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনাল মামলার নথি বিচারের জন্য নেওয়া হয়। মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালে মামলার পর গোপালগঞ্জের ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি বিচারাধীন ছিল। গত বছরের সেপ্টেম্বর মাসে চাঞ্চল্যকর বিবেচনায় মামলাটি দ্রুত গতিতে নিষ্পত্তি করার জন্য ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে আসে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমইউএস/পিডি/১৮২০ ঘ.