লক্ষ্মীপুর, ফেব্র"য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লক্ষ্মীপুর কমলনগর উপজেলায় 'নিহত' যুবলীগ নেতা আবদুল মান্নানকে জীবিত অবস্থায় আটক করেছে পুলিশ।
ঘটনার প্রায় ১০ মাস পর মঙ্গলবার ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকা থেকে তাকে গোয়েন্দা পুলিশ আটক করে।
মান্নানের বাড়ি উপজেলার মতিরহাট এলাকায়। তিনি কালকিনী ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি।
পুলিশ জানিয়েছে, গত বছরের ১ এপ্রিল নিখোঁজ হন মান্নান। এরপর ৯ এপ্রিল মতিরহাট এলাকায় মেঘনা নদীতে এক ব্যাক্তির গলিত লাশ উদ্ধারের পর তার স্ত্রী ফাতেমা লাশটি মান্নানের বলে সনাক্ত করেন।
দুদিন পর ফাতেমা স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা সাইফুল্লাহকে প্রধান আসামি করে নয়জনের বিরুদ্ধে কমলনগর থানায় একটি হত্যা মামলা করেন।
পুলিশ চার আসামিকে গ্রেপ্তারও করে। তারা পরে হাইকোর্ট থেকে জামিন পান।
লক্ষ্মীপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি আবদুল অহিদ জানান, তার নেতৃত্বে শ্রীপুর থানা পুলিশের সহযোতিায় মান্নানকে তার চাচা শ্বশুরের বাসা থেকে আটক করে লক্ষ্মীপুরে আনা হয়েছে।
তিনি জানান, পুলিশের জিজ্ঞসাবাসাবাদে মান্নান জানিয়েছেন- প্রতিপক্ষরা তাকে হত্যা করবে- এই আশঙ্কায় তিনি প্রথমে খাগড়াছড়িতে আত্মগোপন করেছিলেন। পরে গাজীপুরে যান।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট পরিতোষ ঘোষ জানান, মান্নানকে গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
একই সঙ্গে মেঘনা থেকে উদ্ধারকৃত লাশটির পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৩৯ ঘ.
bdnews24