ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধের অন্যতম সমর নায়ক অবসরপ্রাপ্ত উইং কমাণ্ডার এম হামিদুল্লাহ খানের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সংসদ সদস্যরা। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা এ সময় উপস্থিত ছিলেন না।
বিএনপির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হামিদুল্লাহ খান শুক্রবার দুপুরে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান। তার বয়স হয়েছিলো ৭৪ বছর।
তার পুত্রবধূ রাইসা ওয়ালী খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামিদুল্লাহ খান উচ্চ রক্তচাপে ভুগছিলেন।
শনিবার দুপুরে হামিদুল্লাহ খানের মরদেহ নিয়ে যাওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে তার চতুর্থ নামাজে জানাজা হয়।
এর আগে পুলিশের একটি চৌকশ দল তার প্রতি রাষ্ট্রীয় সালাম জানায়। এ সময় বিউগলে বাজানো হয় করুন সুর।
জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ, আওয়ামী লীগের অ্যাডভোকেট রহমত আলী, বিরোধী দলীয় প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক, সাবেক মন্ত্রী আবদুল মঈন খান, হাফিজ উদ্দিন আহমেদ, আলমগীর কবির, সাবেক হুইপ রেজাউল করীম ডিনা, সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু, মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সারওয়ার, আবুল খায়ের ভূঁইয়া, সাবেক হুইপ শহীদুল হক জামালসহ বিএনপির সংসদ সদস্যরা এবং সাবেক সাংসদ মোসাদ্দেক আলী ফালু, ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হক ও সংসদ সচিবালয়ের কর্মকর্তারা জানাজায় অংশ নেয়।
স্পিকার আবদুল হামিদ ও বিরোধী দলীয় নেতার পক্ষে প্রধান হুইপ জয়নুল আবদিন ফারুক মরহুমের কফিনে আলাদাভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
তবে সংসদ নেতা বা ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে কেউ আসেননি সেখানে।
বাবার দাফনে অংশ নিতে শনিবার রাতে জাপান থেকে দেশে ফিরেছেন হামিদুল্লাহ খানের ছোটো ছেলে মুরাদ হামিদ খান ।
এর আগে শুক্রবার রাতে ও শনিবার সকালে ঢাকা সেনানিবাসের আল্লাহু জামে মসজিদে দুটি জানাজা হয় হামিদুল্লাহ খানের। বেলা ১১টার দিকে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই মুক্তিযোদ্ধার প্রতি শেষ শ্রদ্ধা জানান বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
এরপর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, ছাত্রদল, উলামা দল, ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব), জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মরহুমের কফিনে পুস্পস্তবক অর্পণ করা হয়।
নয়া পল্টনের কর্মসূচি শেষে মরহুমের কফিন নিয়ে যাওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে চতুর্থ জানাজা শেষে সড়ক পথে কফিন নিয়ে একটি অ্যাম্বুলেন্স রওনা হয় হামিদুল্লাহ খানের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজংয়ের পথে।
এই এলাকা থেকে ১৯৭৯, ১৯৯১ ও ১৯৯৬ (১৫ ফেব্র“য়ারির নির্বাচন) সালে তিন দফা সংসদ সদস্য নির্বাচিত হন হামিদুল্লাহ খান। ২০০৮ সালের নির্বাচনে ঢাকার একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছিলেন তিনি।
তার বড় ছেলে তারেক আহমদ খান জানান, লৌহজংয়ের কালিয়াখিল মাঠে বাদ আসর আরেকটি জানাজা হবে হামিদুল্লাহ খানের। সেখান থেকে মরদেহ নিয়ে আসা হবে ঢাকায়, রাতে রাখা হবে সম্মিলিত সামরিক হাসপাতালের হিমঘরে।
ছোট ছেলে জাপান থেকে দেশে ফেরার পর রোববার সকালে বনানী কবরস্থানে দাফন করা হবে এই মুক্তিযোদ্ধাকে।
বিএনপির ক্ষোভ
সংসদ ভবনে হামিদুল্লাহ খানের চতুর্থ নামাজে জানাজায় আওয়ামী লীগের নেতারা উপস্থিত না থাকায় ক্ষোভ প্রকাশ করেছে বিএনপি।
সেখানে জানাজা শেষে দলটির সহসভাপতি হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “এটা খুবই দুঃখজনক যে, একজন সেক্টার কমাণ্ডারের প্রতি আওয়ামী লীগ এবং সরকারির দলের পক্ষ থেকে সম্মান জানানো হয়নি। সংসদ ভবনের জানাজায় আওয়ামী লীগের প্রথম সারির কোনো নেতাকে দেখা যায়নি।”
সরকার প্রধানসহ সরকারের কেউ শোকও জানাননি বলে দাবি করেন তিনি।
সরকারের এরকম আচরণে জাতি হতাশ হয়েছে মন্তব্য করে দলের যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু বলেন, “বিএনপি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আব্দুর রাজ্জাকের জানাজায় অংশ নিয়েছে। তার প্রতি বিনর্ম শ্রদ্ধা জানিয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/জেকে/১৪১০ ঘ.
bdnews24