২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি আমলের মামলায় নানক-মায়া খালাস

পুলিশের কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে বিএনপি আমলে হওয়া মামলায় খালস পেয়েছেন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের আট নেতা-কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 12:51 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে বিএনপি আমলে হওয়া মামলায় খালস পেয়েছেন প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ আওয়ামী লীগের আট নেতা-কর্মী। খালাস পাওয়া অন্যরা হলেন- সরকারদলীয় হুইপ মির্জা আজম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক সাংসদ হাজি সেলিম, নুরুন্নবী চৌধুরী শাওন, মহিউদ্দিন মহি, সোহেল ও জুয়েল। বুধবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আবু জাফর মো. কামরুজ্জামান তাদের খালাসের আদেশ দেন। খালাস পাওয়া সবাই মামলার শুনানির সময় এজলাসে হাজির ছিলেন। আসামি পক্ষের আইনজীবী কাজী নজীবুল¬াহ হিরু আসামিদের খালাস চেয়ে আদালতকে বলেন, ২০০৬ সালের ৩০ মার্চ বাংলাদেশ আওয়ামী লীগসহ ১৪ দলের সচিবালয় ঘেরাও কর্মসূচির সময় আসামিরা পুলিশের কাজে বাধা দেয় ও মারধর করে- এ অভিযোগে পল্টন থানার তৎকালীন উপ-পরিদর্শক সেলিমুজ্জামান বাদী হয়ে মামলা করেন। মামলাটিকে ‘হয়রানিমূলক’ অভিহিত করে এ থেকে অভিযুক্তদের রেহাই দেওয়ার আবেদন জানান তিনি। মামলার নথিপত্র সূত্রে জানা যায়, পুলিশ এ মামলায় ২০০৭ সালের ৭ এপ্রিল আট জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। ওই বছরের ২৬ নভেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য এ পর্যন্ত ১৬টি তারিখ ধার্য হলেও কোনো সাক্ষী আদালতে হাজির হয়নি। রাষ্ট্রপক্ষ এ মামলায় দীর্ঘ চার বছর ধরে কোনো সাক্ষী উপস্থাপন করতে না পারায় বুধবার বিকালে শুনানি শেষে ওই আট জনকে খালাসের আদেশ দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৮৪৮ ঘ.