ঢাকা বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচার দ্রুত করতে সরকারকে তাগিদ দিয়ে ঢাকায় এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, এতে যত দেরি হবে, জনগণের মনে সংশয়ও তত বাড়বে।
বুধবারের ওই সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম অবশ্য বিচারের বিষয়ে সবাইকে আশ্বস্ত করে বলেছেন, আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এই বিচার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
পরমাণু শক্তি কমিশন মিলনায়তনে বিজয়ের ৪০ বছর পূর্তির ওই আলোচনা সভায় সাংবাদিক-কলামনিস্ট কামাল লোহানী বলেন, “যত সময় পেরিয়ে যাবে যুদ্ধাপরাধীদের বিচার করা নিয়ে মানুষ তত সন্দিহান হবে। তাই উচিত হবে, কালক্ষেপণ না করে দ্রুত এসব মানবতাবিরোধী অপরাধীদের বিচার করা।”
একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারে গত বছরের মার্চে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই পর্যন্ত শুধু জামায়াতে ইসলামী নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। এছাড়া যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে জামায়াত ও বিএনপির এক নেতা গ্রেপ্তার রয়েছেন।
যুদ্ধাপরাধীদের বিচারে দেরি হচ্ছে বলে অভিযোগ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের। অন্যদিকে বিএনপি ও এর মিত্র দলগুলো বলছে, এই বিচার রাজনৈতিক পক্ষপাতদুষ্ট এবং এতে আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা হচ্ছে না।
সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, “অনেকে বিভ্রান্তি ছড়াচ্ছে, মানবতাবিরোধী অপরাধীদের বিচার আন্তর্জাতিক মানদণ্ডে হচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, এটি অবশ্যই আন্তর্জাতিক মানের হবে এবং বিশ্বের অন্যান্য দেশের কাছে মডেল হয়ে থাকবে।”
বঙ্গবন্ধু যুদ্ধাপরাধীদের ক্ষমা করেছিলেন বলে যে কথা বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে, তা প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ নেতা কামরুল বলেন, “যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ (খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ) ছিলো, বঙ্গবন্ধু তাদের কখনো ক্ষমা করেননি। কিছু অপশক্তি এ নিয়ে মিথ্যাচার করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩২ ঘ.
bdnews24