২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মারধরের পর গ্রেপ্তার জাপা নেতা, মুচলেকায় জামিন

সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে দায়ের মামলায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর বিকালে জামিন দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 10:31 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি কাজে বাধা দেওয়া ও মারধরের অভিযোগে দায়ের মামলায় ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর বিকালে জামিন দিয়েছে আদালত। বুধবার বিকালে ঠাকুরগাঁও মুখ্য বিচারিক হাকিম জুলফিকার আলী খান ৩০ হাজার টাকা মুচলেকাকায় উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরীকে জামিন দেন। এর আগে নিজ কার্যালয়ে কর্মরত অবস্থায় দুপুরে নম্র চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদকও। মঙ্গলবার সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম গালিগালাজ, মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে নম্রর বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মামলাটি করেন। মামলায় বাদি উল্লেখ করেছেন, মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের অফিসে স্থানীয় আনন্দ স্কুলের তহবিল ছাড় দেওয়া নিয়ে এনজিও প্রতিনিধি ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তাদের এক বৈঠক চলছিলো। তহবিল ছাড় দেওয়া নিয়ে কথাবার্তার এক পর্যায়ে উপজেলা চেয়ারম্যান তাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং দরজা বন্ধ করে বেদম প্রহার করে। উপস্থিত অন্য সদস্যরা তাকে রক্ষা করে। মারধরের অভিযোগ অস্বীকার করে নম্র চৌধুরী সাংবাদিকদের বলেন, “আব্দুস সালাম একজন দুর্নীতিবাজ কর্মকর্তা। তিনি ঘুষের বিনিময়ে অনেক প্রতিষ্ঠানের অর্থ বরাদ্দ ছাড় দিয়েছেন। কিন্তু যারা ঘুষ দেয়নি তাদের তহবিল তিনি আটকে রেখেছেন।” পলিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা মোল্লা ঘটনার জন্য শিক্ষা কর্মকর্তা দায়ী করেন। জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু ও সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী বলেন, একজন সরকারি কর্মকর্তার গায়ে হাত তোলা উপজেলা চেয়ারম্যানের উচিত হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬২৭ ঘ.