২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুজাহিদ-কামারুজ্জামানের অভিযোগও ফের দাখিলের নির্দেশ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Dec 2011, 06:08 AM

Updated : 24 Aug 2022, 05:29 PM

ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের পর এবার আলী আহসান মো. মুজাহিদ ও মো. কামারুজ্জামানের বিরুদ্ধেও নতুন করে আনুষ্ঠানিক অভিযোগ উপস্থাপন করতে বলেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। ট্রাইব্যুনাল জানিয়েছে, মতিউর রহমান নিজামী বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ পড়ে শেষ করা সম্ভব না হওয়ায় তা আমলে নেওয়ার বিষয়ে আদেশ হবে ৯ জানুয়ারি। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বুধবার সকালে এই আদেশ দেয়। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে আদেশে বলা হয়, এ বিষয়ে আগামী ১২ জানুয়ারি শুনানি শুরু হবে। এ লক্ষ্যে রোববারের মধ্যে আসামি পক্ষের আইনজীবীদের মামলার নথিপত্র সরবরাহ করতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া প্রসিকিউশন গত ১১ ডিসেম্বর মুজাহিদ ও কামারুজ্জামানের বিরুদ্ধে যে অভিযোগ উপস্থাপন করেছে তা যথাযথভাবে বিন্যস্ত না হওয়ায় পুনর্বিন্যস্ত করে আবারো জমা দিতে বলা হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের বিরুদ্ধে ফের আনুষ্ঠানিক অভিযোগ উত্থাপন করতে হতে ১২ জানুয়ারি, আর সেক্রেটারি জেনারেল মুজাহিদের বিরুদ্ধে ১৬ জানুয়ারি। ট্রাইব্যুনাল এর আগে একই কারণে গোলাম আযমের বিরুদ্ধে দাখিল করা অভিযোগও নতুন করে জমা দিতে নির্দেশ দেয়। ট্রাইব্যুানালের প্রসিকিউশন গত ১১ ডিসেম্বর জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ উপস্থাপন করে। আর কাদের মোল্লার বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন হয় ১৮ ডিসেম্বর। জামায়াতের এই চার নেতার বিরুদ্ধে গত বছরের ২১ জুলাই তদন্ত শুরু করেন তদন্ত কর্মকর্তারা। এরপর ওই বছরের ২ অগাস্ট তাদের ট্রাইব্যুনালে গ্রেপ্তার দেখানো হয়। নিজামী, মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল¬ার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদনে একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। গোলাম আযমের বিরুদ্ধে ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ৪০ জন, নিজামীর বিরুদ্ধে ৪১১ পৃষ্ঠার প্রতিবেদনে সাক্ষ্য ৪০ জন, মুজাহিদের বিরুদ্ধে ৩৬৬ পৃষ্ঠার প্রতিবেদনে ৪৫ জন, কামারুজ্জামানের বিরুদ্ধে ৩২৭ পৃষ্ঠার প্রতিবেদনে ৩৭ জন এবং কাদের মোল¬ার বিরুদ্ধে ৩৮৫ পৃষ্ঠার প্রতিবেদনে ২৫ জন সাক্ষ্য দিয়েছেন। কাদের মোল্লার বিরুদ্ধে দেওয়া প্রতিবেদনে বলা হয়, একাত্তরের মুক্তিযুদ্ধ চলাকালে কাদের মোল্লার অপরাধ ক্ষেত্র ছিল মিরপুর ও মোহাম্মদপুর এলাকা। ২৫ মার্চ মধ্যরাত থেকে ওই এলাকায় বাঙালী নিধন শুরু করেন তিনি। স্থানীয় বিহারীরা তাকে সহায়তা করে। মিরপুরের আলোকদী গ্রামেও গণহত্যায় অংশ নেন জামায়াতের এই নেতা, যিনি নৃশংসতার জন্য পরিচিতি পান ‘জল্লাদ’ বা ‘কসাই’ নামে। কেরানীগঞ্জের শহীদনগরে মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর আহমেদের বাড়িসহ দুটি গ্রাম জ্বালিয়ে দেওয়ার ঘটনাতেও অংশ নেন কাদের মোল্লা। এ সময় নিজামী, মুজাহিদ ও কামারুজ্জামানও তাকে সহায়তা করেছিলেন। মুক্তিযুদ্ধকালে মোস্তফা নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগে ২০০৭ সালের ১৭ ডিসেম্বর কাদের মোল্লাসহ কয়েকজন জামায়াত নেতার বিরুদ্ধে কেরানীগঞ্জ থানায় একটি মামলা হয়। এছাড়া ২০০৮ সালে পল্লবী থানায় আরো একটি মামলা হয় কাদেরের বিরুদ্ধে। এই মামলাতেই ২০১০ সালের ১৩ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। যুদ্ধাপরাধের অভিযোগে গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষের সাক্ষ্যগ্রহণ এবং সাক্ষীদের জেরা চলছে। বিএনপি নেতা সংসদ সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীও যুদ্ধাপরাধ মামলায় আটক রয়েছেন। এছাড়া প্রয়াত জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার হলেও তিনি শর্তসাপেক্ষে জামিনে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসএন/জেকে/১১৫০ ঘ.