২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাত্রদলের নতুন কমিটি জানুয়ারিতেই’

আগামী জানুয়ারি মাসে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা যাবে বলে আশাবাদী বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2011, 12:06 PM

Updated : 24 Aug 2022, 05:28 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী জানুয়ারি মাসে ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করা যাবে বলে আশাবাদী বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। নতুন বছরের প্রথম দিন না হলেও ওই মাসেই নতুন একটি কমিটি আমরা উপহার দিতে পারবো বলে প্রত্যাশা ব্যক্ত করছি।” নিয়মিত ছাত্রদের নিয়ে নতুন কমিটি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ২০০৯ সালের জানুয়ারিতে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি এবং আমিরুল ইসলাম খান আলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠিত হয়। দুই বছর মেয়াদী ওই কমিটির সময় চলতি বছরের জানুয়ারিতে শেষ হয়েছে। এরপর থেকে নেতা-কর্মীরা নতুন কমিটি ঘোষণার দাবি জানিয়ে আসছে। এ দাবিতে গত জুলাই মাসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ভবনের চার তলায় ছাত্রদলের অফিসে একদল কর্মী টুকু ও আলিমের ছবি ভাংচুর করে। ছাত্রদলের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে মঙ্গলবারের সংবাদ সম্মেলন করা হয়। ১৯৭৯ সালের ১ জানুয়ারি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রদল প্রতিষ্ঠা করেন। সংগঠনের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম, জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম বাবুল, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকনসহ এক ডজন কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে মামলা থাকায় তারা কেউ সংবাদ সম্মেলনে উপস্থিত হননি। সংগঠনের সহসভাপতি হায়দার আলী লেলিন বলেন, “আমাদের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী কারাগারে। তিনশ নেতা-কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা ও হুলিয়া রয়েছে। এছাড়া ১৮ ডিসেম্বর মুক্তিযোদ্ধা সমাবেশ উপলক্ষে সরকার সংগঠনের সভাপতিসহ কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে চারটি করে মিথ্যা মামলা দিয়েছে।” প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি কেন্দ্রীয় নেতারা পলাতক থাকলেও ছাত্রদল তার প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- ৩১ ডিসেম্বর রাতে নয়া পল্টনের মহানগর কার্যালয়ের মাওলানা ভাসানী মিলনায়তনে কেক কাটা, ১ জানুয়ারি সকাল ১০টায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুস্পমাল্য অপর্ণ, দুপুর ২টায় রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে আলোচনা সভা। এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়া উপস্থিত থাকবেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে ২৯ ডিসেম্বর থানায় থানায় এবং ৩০ ডিসেম্বর জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এ বি এম মোশাররফ হোসেন, সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সহসভাপতি হাবিবুর রশিদ হাবিব, দুলাল হোসেন, ওমর ফারুক শাফিন, বজলুল করীম চৌধুরী আবেদ, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম রাসেল, যুগ্ম সস্পাদক আবু সাঈদ, আবদুল হালিম খোকন, আহসান উদ্দিন খান শিপন, আসাদুজ্জামান পলাশ, ছাত্রী বিষয়ক সস্পাদক মনিরা আখতার রিক্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৮০২ ঘ.