ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোলাম আযমের ‘যুদ্ধাপরাধের’ তদন্ত প্রতিবেদন পুনরায় দিতে ট্রাইব্যুনাল নির্দেশ দেওয়ার ঘটনাটিকে প্রসিকিউশনের ব্যর্থতা বলে মনে করছেন না আইনমন্ত্রী শফিক আহমেদ।
তার মতে, পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হিসেবে একাত্তরে গোলাম আযমের ‘অপরাধের’ বিস্তৃতি ছিলো দেশজুড়ে। তাই তার ‘যুদ্ধাপরাধের’ বিষয়ে আরো খোঁজ-খবর নেওয়া প্রয়োজন।
গোলাম আযমের ‘যুদ্ধাপরাধের’ তদন্ত শেষে প্রতিবেদন জমা দিয়ে গত ১২ ডিসেম্বর তাকে গ্রেপ্তারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আদেশ চেয়ে আবেদন করে প্রসিকিউশন বিভাগ।
তবে ট্রাইব্যুনাল ওই প্রতিবেদন গ্রহণ না করে তা ৫ জানুয়ারির মধ্যে পুনরায় তা দিতে বলেছে। যুদ্ধাপরাধের অভিযোগের মুখে থাকা ব্যক্তিদের মধ্যে গোলাম আযমের ক্ষেত্রেই প্রথম এই ধরনের ঘটনা ঘটলো।
এর প্রতিক্রিয়া জানতে চাইলে শফিক আহমেদ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের বলেন, “অন্যদের ঘটনার ব্যাপকতা নির্দিষ্ট এলাকাজুড়ে। কিন্তু গোলাম আযমের ক্ষেত্রে ঘটনার ব্যাপকতা দেশজুড়ে বিস্তৃত। গোলাম আযম একাত্তরে বিভিন্ন জায়গায় মিটিং করেছেন। এর ফলে যে অপরাধ সংঘটিত হয়েছে, সে ব্যাপারে আরো বিস্তারিত খোঁজ-খবর নেওয়ার প্রয়োজন আছে।”
“পুনরায় তদন্ত প্রতিবেদন দিতে বলা আদালতের এখতিয়ার। তবে অভিযোগ সুবিন্যস্ত হলে আদালত, আইনজীবীসহ সব পক্ষেরই সুবিধা হবে,” যোগ করেন তিনি।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের আগে দেশ ছেড়ে যান তিনি। এরপর অনুকূল রাজনৈতিক পরিস্থিতিতে ১৯৭৮ সালে জিয়াউর রহমানের আমলে আবার তিনি দেশে ফেরেন।
গোলাম আযমের বিষয়ে কথা বলার আগে ঢাকায় জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোশিমার সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।
জাপানি দূত বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আগ্রহের কথা জানানোর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে আইনি জটিলতা ও দীর্ঘসূত্রতা এড়াতে সরকারের উদ্যোগ সম্পর্কে জানতে চেয়েছেন।
মন্ত্রী রাষ্ট্রদূতকে জানিয়েছেন, তার সরকার গতানুগতিক বিচার ব্যবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছে। বিভিন্ন ক্ষেত্রে আদালত এড়িয়ে এডিআরএ’র (বিকল্প বিরোধ নিষ্পত্তি) মাধ্যমে মামলাজট কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
জানুয়ারি থেকে আয়কর, ভ্যাট ও কাস্টমসে বিকল্প বিরোধ নিষ্পত্তি চালু করা হচ্ছে বলেও জানান আইনমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৫৫৪ ঘ.
bdnews24