ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার সমর্থক একটি সংগঠনের ‘দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের’ অনুষ্ঠানে অব্যবস্থাপনার কারণে বস্ত্র বিতরণ না করেই ফিরে গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার বিকাল ৩টায় ‘বঙ্গবন্ধু ছাত্র পরিষদ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিন নেতার মাজার প্রাঙ্গণে শীতার্ত মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি আয়োজন করে।
শীতবস্ত্র বিতরণের পর একই স্থানে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক একটি আলোচনা সভাও হওয়ার কথা ছিলো।
এতে প্রধান অতিথি ছিলেন ওবায়দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।
শীতবস্ত্র বিতরণ শুরু হওয়ার কিছু সময়ের মধ্যেই হট্টগোল শুরু হলে মন্ত্রী এবং উপাচার্য দুজনই অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার সময় ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “আন্দোলনের নামে বিরোধী দলের নাশকতা সৃষ্টি সরকারের জন্য অশনি সঙ্কেত। বিরোধী দল পরিকল্পিতভাবে নাশকতা সৃষ্টি করে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে।”
গত ৪৮ ঘণ্টা ধরে রাজধানীতে বোমাবাজি ও গাড়ি পোড়ানোর প্রতিক্রিয়া জানতে চাইলে এ কথা বলেন তিনি।
বিরোধী দলকে উদ্দেশ্য করে কাদের বলেন, “অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে রাষ্ট্রপতি সংলাপ আহ্বান করেছেন। কোনো শর্তারোপ না করে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসে আপনাদের দাবি তুলে ধরুন। সহিংসতা ছেড়ে আপনাদের মতামত দিন।”
নির্বাচন কমিশন গঠন নিয়ে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর সঙ্গে আগামী ২২ ডিসেম্বর থেকে সংলাপে বসতে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান।
তবে বিএনপি বলছে, নির্বাচন কমিশনের চেয়ে গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন কার অধীনে হবে। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচনে না যাওয়ার ঘোষণা দিয়ে রেখেছে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচএ/এমআই/২০০০ ঘ.
bdnews24