ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-সিলেটে বোমাবাজি এবং গাড়িতে আগুনের ঘটনা বিরোধী দল ‘পরিকল্পিতভাবে’ ঘটিয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
রোববার বিকালে ধানমণ্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, “বিএনপি-জামায়াত জোট দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে সুপরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।”
“যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং খালেদা জিয়ার দুই ছেলেকে রক্ষার জন্য পরিকল্পিতভাবে বিরোধী দল এ ঘটনা ঘটিয়েছে,” যোগ করেন তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আইন-শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সজাগ ছিল বলেই আকস্মিক এ হামলা ভয়ঙ্কর রূপ নিতে পারেনি।”
রোববার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানের আগতদের সকালে পুলিশ লাঠিপেটা করে বের করে দেয়।
এর পর ঢাকার বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত বিস্ফোরণ এবং কয়েকটি গাড়িতে আগুন ধরানোর ঘটনা ঘটে। ঢাকায় বিস্ফোরণে এক জন নিহত হয়েছে। সিলেটে পুড়ে মারা গেছেন এক বাসযাত্রী।
বিএনপির দাবি, তাদের অনুষ্ঠান বানচালের উদ্দেশ্যে সরকার এসব করিয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, খালেদা জিয়ার নির্দেশে বিএনপিকর্মীরাই এ সব ঘটনা ঘটিয়েছে।
বিএনপির দাবি নাকচ করে হানিফ বলেন, “বিরোধী দলের ভারপ্রাপ্ত মহাসচিব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) দায়িত্বশীল পদে থেকে একের পর এক মিথ্যাচার করছেন। দেশের জনগণকে বিভ্রান্ত করতেই অসত্য তথ্য দিচ্ছেন মির্জা আলমগীর।”
মুক্তিযুদ্ধের ৪০ বছর পূর্তি উৎসবে বিএনপি-জামায়াত জোট তাদের অনুসারীদের ভেঙে যাওয়া মনোবল চাঙ্গা করতে বোমাবাজির মতো তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ হানিফের।
তিনি বলেন, “বিএনপি আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান বিকালে। কিন্তু ফজরের নামাজের পরই বিএনপি-জামায়াত জোটের অশুভ ক্যাডাররা ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ভাংচুর, বোমাবাজি, হামলা ও অগ্নিসংযোগ শুরু করে। এতে প্রমাণ হয়- যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত ও দুই ছেলেকে রক্ষার অপচেষ্টায় এসব ষড়যন্ত্র করছেন বিরোধীদলীয় নেত্রী।”
তিনি দাবি করেন, হত্যা, ক্যু ও মানুষের রক্ত ঝরিয়ে সেনা ছাউনিতে সৃষ্ট বিএনপি জনগণের রায় নিয়ে ক্ষমতায় ফিরে আসতে পারবে না জেনেই দেশে কৃত্রিম সংকট তৈরি করে প্রয়োজনে আবার রক্তপাত ঘটিয়ে পেছন দরজা দিয়ে ক্ষমতা দখলে মরিয়া হয়ে উঠেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম দেশের বাইরে থাকায় ভারপ্রাপ্ত হিসেবে ওই দায়িত্ব পালন করছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএ/পিডি/১৮৪৩ ঘ.
bdnews24