২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির অনুষ্ঠানস্থলে চড়াও পুলিশ

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত হওয়া বিএনপিকর্মীদের বের করে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2011, 03:30 AM

Updated : 24 Aug 2022, 05:25 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে সমবেত হওয়া বিএনপিকর্মীদের বের করে দিয়েছে পুলিশ। বিজয় দিবস উপলক্ষে রোববার বেলা ৩টায় বিএনপির উদ্যোগে রমনা পার্কের বিপরীত দিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। এতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অংশ নেবেন। বিএনপি নেতারা জানান, অনুষ্ঠানে যোগ দিতে দেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধা ও বিএনপিকর্মীরা সকালেই ঢাকায় পৌঁছে অনুষ্ঠানস্থলে গিয়েছিলেন। কিন্তু প্রথমে সরকার সমর্থকরা এবং পরে পুলিশ তাদের ওপর চড়াও হয়। সকাল ৮টার দিকে তাদের অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়া হয়। কয়েকজনকে পুলিশ আটক করেছে বলে বিএনপি নেতারা জানিয়েছেন। তারা অভিযোগ করেছেন, সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে সমাবেশের ব্যানার-ফেস্টুন সরকার সমর্থকরা ছিড়ে ফেলেছে। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি অধ্যক্ষ সোহরাব উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে ছাত্রলীগের ক্যাডাররা ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে।” পুলিশ বিভিন্ন জেলা থেকে আগত মুক্তিযোদ্ধাদের বাধা দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আসা মুক্তিযোদ্ধা সংবর্ধনা অনুষ্ঠানে আসা শহিদুল হক ও সিরাজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা ভোর সাড়ে ৬টায় সমাবেশস্থলে পৌঁছান। “এ সময়ে একদল সন্ত্রাসী আমাদের সামনে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলে। কয়েকটি ককটেল বিস্ফোরণও ঘটায় তারা,” বলেন শহিদুল। তিনি জানান, এরপর পুলিশ তাদের বের করে দেয়। এ বিষয়ে শাহবাগ থানার ওসি রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জড়ো হওয়া ব্যক্তিরা সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা চালিয়েছিলো। তাই পুলিশ পদক্ষেপ নিয়েছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটকের কথা স্বীকার করেন তিনি। তবে তাদের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানাতে রাজি হননি। তাদের গ্রেপ্তার করা হয়েছে কি না- জানতে চাইলে ওসি বলেন, “তাদের জিজ্ঞাসাবাদ করে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।” সোহরাব উদ্দিন অভিযোগ করেন, নয়া পল্টন, গুলিস্তানের গোলাপ শাহ মাজার প্রাঙ্গণসহ বিভিন্ন স্থানে পুলিশ বিএনপির নেতা-কর্মীদের লাঠিপেটা করেছে। নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক পুলিশ অবস্থান নিয়েছে। এদিকে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের আশ-পাশে ব্যাপক পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। মৎস্য ভবনের কাছে জলকামান, রায়ট কার ও প্রিজন ভ্যান রাখা হয়েছে। সোহরাব জানান, সংবর্ধনায় অনুষ্ঠানে সারাদেশ থেকে প্রায় ৫ হাজার মুক্তিযোদ্ধা অংশ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এলএইচ/এমআই/১১১৩ ঘ.