ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের সামনের সড়কে খালেদা জিয়ার গাড়িবহরকে দীর্ঘক্ষণ আটকে রাখা এবং ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি।
শনিবার রাজধানীর নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, “দীর্ঘক্ষণ আমাদের নেত্রীর গাড়ি ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিলো। আওয়ামী লীগের কর্মীরা লাঠি হাতে আমাদের মিছিলে হামলা চালায়। এতে অনেকে আহত হয়ে এখন হাসপাতালে চিকিৎসাধীন।”
“আওয়ামী লীগের কর্মকাণ্ডে মনে হয়েছে, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস নয়, আওয়ামী লীগের বিজয় দিবস,” যোগ করেন তিনি।
বিএনপি অভিযোগ করছে, বিজয় দিবসের দিন (১৬ ডিসেম্বর) সকালে ঢাকা-আরিচা মহাসড়কে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেসময় জাতীয় স্মৃতিসৌধের সামনে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গাড়িবহরকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়।
বিজয় দিবসে সারাদেশে আওয়ামী লীগের ‘ক্যাডাররা’ পুলিশের ছত্রছায়ায় বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়েছে অভিযোগ করে রিজভী বলেন, বিভিন্ন জেলায় বিজয় র্যালিতে হামলা চালিয়ে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। এতে অনেক নেতা-কর্মী জখম ও আহত হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে দলের শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল হক নান্নু রফিক শিকদার, যুবদলের যুগ্ম সম্পাদক মীর নেওয়াজ আলী, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল খান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৮৫৫ ঘ.
bdnews24