ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্টের আর্থিক অনিয়মের মামলাটি বাতিলের আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
ফলে নিু আদালতে এ মামলা চলতে আর বাধা থাকলো না বলে জানিয়েছেন আইনজীবীরা।
দুর্নীতি দমন কমিশনের দায়ের করা এ মামলা বাতিলে সাবেক প্রধানমন্ত্রীর আবেদনের শুনানি শেষে বিচারপতি খোন্দকার মূসা খালেদ ও এসএইচ মো. নূরুল হুদা জায়গীরদারের বেঞ্চ বুধবার এই রায় দেয়।
জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে এ মামলা হয়।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় করা এ মামলায় খালেদার পাশাপাশি আসামি করা হয় তার ছেলে তারেক রহমানসহ মোট সাত জনকে। ২০০৯ সালের ৫ অগাস্ট অভিযোগপত্র দেয় দুর্নীতি দমন কমিশন।
আদেশের পর দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট আনিসুল হক সাংবাদিকদের বলেন, “নিু আদালতে এ মামলার কার্যক্রম চলতে আর কোনো বাধা রইলো না।”
তিনি বলেন, নিু আদালতে মামলাটি আগেই আমলে নেওয়া হয়েছিল। কমিশন এখন মামলার কার্যক্রম শুরুর জন্য বিচারিক আদালতে আবেদন করবে। বিচারিক আদালত আইন অনুসারে আসামিকে আদালতে হাজির হতে বলবে। তারপর তার উপস্থিতিতে অভিযোগ গঠন করা হবে।
এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, যতক্ষণ আপিল বিভাগ এই মামলায় কোনো স্থগিতাদেশ না দিচ্ছে, ততোক্ষণ মামলা চলতে বাধা নেই।
“আমি যতোদূর জানি, আদালতে সবগুলো গ্রাউন্ডেই মামলাটি খারিজ হয়ে গেছে,” বলেন তিনি।
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “হাইকোর্ট বলেছে, মামলার এফআইআরে তার (খালেদা) নাম এসেছে। চার্জশিটেও তার কথা বলা হয়েছে। ঘটনার সঙ্গেও তার সম্পৃক্ততার কথা এসেছে। তাই তিনি দোষী কি নির্দোষ- এই পর্যায়ে সে সিদ্ধান্ত হাইকোর্ট দিতে পারে না।”
খালেদা জিয়ার আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “আদালতে আমরা শুনানিতে বলেছি, জিয়া অরফানেজ ট্রাস্ট থেকে কোনো টাকা আত্মসাৎ হয় নাই। কোনো কাগজপত্রে দুদক বা রাষ্ট্রপক্ষ দেখাতে পারে নাই যে, খালেদা জিয়া টাকা স্থানান্তরে কোনো চেকে সই করেছেন বা অনুমোদন দিয়েছেন।”
এরপরও আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য বিবেচনায় নিয়ে মামলা বাতিলের আবেদন খারিজ করেছে উল্লেখ করে মাহবুব উদ্দিন বলেন, “ন্যায় বিচার পেতে খালেদা জিয়া আপিল বিভাগে যাওয়ার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছেন।”
শুনানিতে মামলাটি বাতিলের পক্ষে যুক্তি তুলে ধরেন ব্যারিস্টার রফিক-উল হক, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের পক্ষে অ্যাডভোকেট আনিসুল হক ও অ্যাডভোকেট খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মামলা বাতিল না করার পক্ষে যুক্তি দেন।
খালেদা ও তারেকের আবেদনে হাইকোর্ট ২০০৯ সালের ১৫ অক্টোবর সরকার ও দুর্নীতি দমন কমিশনের কাছে জানতে চায়, মামলাটি কেন বাতিল হবে না। হাইকোর্টের দেওয়া ওই রুলের নিস্পত্তি করতে গত অক্টোবরে দুর্নীতি দমন কমিশন আদালতে আবেদন করে।
গত ৩০ নভেম্বর ওই আদেশের শুনানিতে বিচারপতি মোহাম্মদ আনোয়ার উল হক ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চে সময়ের আবেদন করেন খালেদার আইনজীবীরা। তা নামঞ্জুর হলে তারা আদালতের প্রতি অনাস্থা জানিয়ে একটি লিখিত আবেদন দেন। আদালত শুনানি শেষে ওই দিনই আবেদনটি খারিজ করে দেয়।
খারিজের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে যান খালেদার আইনজীবীরা। গত সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ রুলের শুনানির জন্য খোন্দকার মূসা খালেদের নেতৃত্বাধীন বেঞ্চকে খালেদার মামলা বাতিলের আবেদনটি নিস্পত্তির দায়িত্ব দেয়।
এ মামলায় খালেদা জিয়া বর্তমানে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮০২ ঘ.
bdnews24