২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বহিষ্কৃত সাক্কুকে বিজয়ী করতে বৈঠকে কুমিল্লার বিএনপি নেতারা

মনিরুল হক সাক্কুকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হলেও তাকে মেয়র পদে বিজয়ী করতে বৈঠক করেছেন কুমিল্লা বিএনপির এক দল নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2011, 03:12 PM

Updated : 24 Aug 2022, 05:22 PM

কুমিল্লা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মনিরুল হক সাক্কুকে কেন্দ্র থেকে বহিষ্কার করা হলেও তাকে মেয়র পদে বিজয়ী করতে বৈঠক করেছেন কুমিল্লা বিএনপির এক দল নেতা। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী সাক্কুকে সোমবার বহিষ্কারের কথা জানায় কেন্দ্রীয় বিএনপি। ইলেকট্রনিক ভোটিং মেশিনে বিরোধিতা করে এ নির্বাচন বিএনপি বর্জনের ঘোষণা দিলেও কুমিল্লা পৌরসভার সাবেক মেয়র সাক্কু নির্বাচনী লড়াইয়ে রয়েছেন। সাক্কুকে বহিষ্কারের সিদ্ধান্ত হওয়ার পর বিকালে ঢাকার ধানমণ্ডিতে কুমিল্লার সাবেক সংসদ সদস্য আব্দুল গফুরের বাড়িতে বৈঠকে বসেন স্থানীয় বিএনপির এক দল নেতা। এ বৈঠকে ছিলেন বিএনপির পল্লী উন্নয়ন সম্পাদক ও কুমিল্লার সাবেক সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কণ্ঠশিল্পী আসিফ আকবর, লাকসাম উপজেলা চেয়ারম্যান মজির আহমেদ, জেলা বিএনপির সহসভাপতি কাজী নাসিমুল হক, নাজমুস সাদাত, কাইমুল হক রিংকু। সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিকলিও ছিলেন বলে বৈঠকে অংশ নেওয়া নেতারা জানিয়েছেন। বৈঠকের আলোচনার বিষয়ে আসিফ আকবর সাংবাদিকদের বলেন, “মনিরুল হক সাক্কুকে আমরা নৈতিকভাবে সমর্থন দিয়েছি। আমরা সাক্কুকে বিজয়ী করতে যা করা দরকার, তা করবো।” সাবেক মন্ত্রী প্রয়াত বিএনপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল আকবরের আত্মীয় সাক্কু সদ্যবিলুপ্ত কুমিল্লা পৌরসভার মেয়র ছিলেন। নবগঠিত কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশীদ ইয়াছিনও প্রচার চালাচ্ছিলেন, তবে ইভিএমে আপত্তির কথা তুলে ধরে শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি তিনি। নির্বাচনে অটল সাক্কু রোববার বিএনপি থেকে অব্যাহতি চেয়ে কেন্দ্রীয় কমিটির কাছে আবেদন করেছিলেন। এরপর সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্মমহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের জন্য দলের নির্বাহী সদস্য ও কুমিল্লা জেলার ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক সাক্কুকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুমিল্লা বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কুমিল্লায় সাক্কুর অবস্থান বেশ ভালো। তার পক্ষে বিজয়ী হওয়া সম্ভব। তাই কৌশলে তাকে নির্বাচনে অংশ নেওয়ার পথ করে দেওয়া হয়েছে।” স্থানীয় নেতাদের বক্তব্য অনুযায়ী, মেয়র পদে সাক্কুর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ নেতা মো. আফজলের। এছাড়া জাতীয় পার্টি নেতা এয়ার আহমেদ সেলিমও থাকবেন প্রতিদ্বন্দ্বিতায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এমআই/২১০৫ ঘ.