ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচারে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের মুক্তি চাওয়া স্বাভাবিক।
শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে দেশবাসীকে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “স্বাধীনতার পর ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীদের বিচার শুরু হয়েছিল। প্রায় ২০ হাজার যুদ্ধাপরাধী কারাগারে বন্দি ছিল। সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি চিহ্নিত যুদ্ধাপরাধীদের নাগরিকত্বও বাতিল করা হয়েছিল।
“কিন্তু বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর জেনারেল জিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করেই যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করে কারাগার থেকে মুক্তি দেন, গোলাম আজমদের দেশে ফিরিয়ে আনেন, যুদ্ধাপরাধীদের মন্ত্রী এমনকি প্রধানমন্ত্রী বানিয়ে রাজনীতিতে পুনর্বাসন করেন।”
শেখ হাসিনা বলেন, “এখন তার স্ত্রী খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে বলবেন, মুক্তি চাইবেন- এটা তো খুব স্বাভাবিক! কিন্তু দেশবাসীকে আজ ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
যারা যুদ্ধাপরাধীদের মুক্তি চায় তাদের বিচারের ভার প্রধানমন্ত্রী জনগণের ওপর ছেড়ে দেন।
যুদ্ধাপরাধের অভিযোগে আটক বিএনপির বর্তমান ও সাবেক দুই নেতা এবং জামায়াতে ইসলামীর পাঁচ শীর্ষ নেতার মুক্তি দাবি করে বিভিন্ন সময় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। যুদ্ধাপরাধ বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে তিনি লিখিত অভিযোগও জানিয়েছেন।
যুদ্ধাপরাধ বিচারে গত বছরের ২৫ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল ও তদন্ত সংস্থা গঠন করে বর্তমান সরকার।
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মিয়ানমার ও ইন্দোনেশিয়া সফরের বিভিন্ন বিষয় তুলে ধরতে শনিবারের সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। ওই দুই দেশে পাঁচ দিনের সফর শেষে শুক্রবার বিকালে দেশে ফেরেন প্রধানমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২২৪ ঘ.
bdnews24