২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাংলাদেশের সম্মতি ছাড়া টিপাইমুখে বাঁধ নয়’

সরকারকে ভারতের সঙ্গে অলোচনায় বসার আহ্বান জানানোর পাশাপাশি ‘বিভেদ’ ভুলে সবাইকে টিপাইমুখ প্রতিরোধ আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2011, 01:19 PM

Updated : 24 Aug 2022, 05:21 PM

সায়েদুল ইসলাম তালাত লংমার্চের গাড়িবহর থেকে সিলেট, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌথ জরিপের মাধ্যমে বাংলাদেশের সম্মতি ছাড়া টিপাইমুখে বাঁধ নির্মাণ করতে দেওয়ার হবে না বলে ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন মহাজোটের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। এ বিষয়ে ভারতের সঙ্গে আলোচনায় বসার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই বাঁধ নির্মাণ ‘প্রতিরোধে’ জকিগঞ্জ অভিমুখে লংমার্চের অংশ হিসেবে শনিবার বিকেলে সিলেটে এক জনসভায় এরশাদ বলেন, “আমরা জানাতে চাই, দুই দেশ মিলে জরিপ করার পর সেটা জনগণের কাছে প্রকাশ করতে হবে। তারপর আমাদের (বাংলাদেশের) সম্মতি নিয়ে বাঁধ নির্মাণ করা যেতে পারে। তা না হলে এই বাঁধ আমরা মানি না।” সকাল সাড়ে ৭টায় রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কার্যালয় থেকে যাত্র শুরু করে দুপুরে সিলেট পৌঁছায় পাঁচ শতাধিক গাড়ির এই লংমার্চ। বিকেলে সাবেক রাষ্ট্রপতি এরশাদের জনসভা উপলক্ষে আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হয় প্রায় ১০ হাজার মানুষ। বিকাল ৪টার দিকে তিনি সভাস্থলে উপস্থিত হলে উপস্থিত নেতাকর্মীরা তাকে স্বাগত জানান। বরাক নদীর উজানে টিপাইমুখে বাঁধম দিয়ে ভারতের এই জলবিদ্যুৎ প্রকল্পকে জাতির সামনে এক ‘মহাদুর্যোগ’ এবং সিলেটবাসীর সামনে ‘অশনি সংকেত’ হিসেবে উল্লেখ করে এরশাদ বলেন, “জাতীয় পার্টির ঘোষণা, টিপাইমুখে বাঁধ হতে দেব না। জীবন থাকতে, সিলেটবাসীর স্বার্থে, আমরা জীবন দেব, তবু টিপাইমুখে বাধ হতে দেব না।” বরাক নদীর উজানে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে ভারতের মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর গত ১৮ নভেম্বর গণমাধমে আসে। এরপর বিষয়টি নিয়ে বাংলাদেশে উদ্বেগ সৃষ্টি হয়। এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এ প্রকল্পের বিষয়ে জানতে নয়া দিল্লিতে চিঠি পাঠালে ভারতের পক্ষ থেকে জানানো হয়, বরাক নদীর উজানে বাঁধ নির্মাণ করে ১৫০০ মেগাওয়াটের টিপাইমুখ জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের জন্য পানি প্রত্যাহার করা হবে না। ফলে এতে বাংলাদেশের ওপর কোনো বিরূপ প্রভাবও পড়বে না। বরাক নদীই সিলেট অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢুকে সুরমা ও কুশিয়ারা নামে দুটি স্রোতধারায় প্রবাহিত হয়ে পরে পুনরায় মিলিত হয়ে মেঘনা নাম নেয়। মেঘনা নদী চাঁদপুরে পদ্মার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোসাগরে মেশে। পরিবেশ বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, ভূমিকম্পপ্রবণ এলাকা টিপাইমুখে বাঁধ হলে যদি তা কখনো ভাঙে, তবে সিলেট অঞ্চল পানিতে তলিয়ে যাবে। এই বাঁধ নির্মাণের প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপিও আন্দোলন করছে। ইতোমধ্যে সিলেট জেলায় হরতাল পালন করেছে দলটি। বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াও ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংকে একটি চিঠি দিয়েছেন। গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির পক্ষ থেকেও সিলেটের জকিগঞ্জ অভিমুখে লংমার্চের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এরশাদ এই লংমার্চে অংশ নেন একটি কালো রঙের টয়োটা ল্যান্ড ক্রুজারে চড়ে। সকালে তার পরনে ছিল কালো প্রিন্স কোট, শাদা শার্ট ও লাল কালো ডেরাকাটা টাই। সিলেটে পৌঁছানোর আগে কাচপুর, নরসিংদীর পাচঘোনা মোড় ও ভেলানগরের মোড়, ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোড, হবিগঞ্জের মাধবপুর, শায়েস্তাগঞ্জ মোড় এবং আউসকান্দিতে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন এরশাদ। ব্যানার ও ফেস্টুন নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন এসব পথসভায়। ব্রাহ্মণবাড়িয়ার বিশ্বরোডে এক পথসভায় এরশাদ বলেন, “আমরা সরকারকে অনুরোধ জানাচ্ছি, টিপাইমুখে বাঁধ নির্মাণের আগে যৌথ সমীক্ষা করার বিষয়ে তারা ভারতের সঙ্গে আলোচনা করুক। এরপরও ভারত যদি রাজি না হলে আমরা আন্তর্জাতিক আদালতে মামলা করবো।” ফারাক্কা বাঁধের ফলে পদ্মা নদীসহ উত্তরাঞ্চলে পানি শূন্যতার সৃষ্টির কথা উল্লেখ করে সিলেটের জনসভায় তিনি বলেন, “ফারাক্কা বাঁধ দিয়ে উত্তরাঞ্চলের কয়েকটি জেলা মরুভূমি করা হয়েছে। এখন টিপাইমুখে বাঁধ দিয়ে সিলেট অঞ্চল মরুভূমি করার চেষ্টা চলছে।” বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে ভারতের আন্তরিক সহায়তার বিষয়টি স্মরণ করে প্রতিবেশী দেশটির উদ্দেশ্যে এরশাদ বলেন, “এখন এমন কিছু করবেন না, যাতে বাংলাদেশের ক্ষতি হয়। আপনারা অনেক প্রতিশ্র“তি দিয়েছেন, কিন্তু তার বাস্তবায়ন করেননি। আসুন বাংলাদেশের সাথে বসুন। প্রতিশ্র“তি বাস্তবায়ন করুন।” “ভারত আমাদের বন্ধু দেশ। আশা করি আমাদের এই আহবান ভারতের কানে যাবে। তারা বিষয়টি নিয়ে পুনরায় বিবেচনা করবে”, যোগ করেন তিনি। তবে তা না হলে এই বাঁধ নির্মাণের প্রতিবাদে দল-মতের পার্থক্য ভুলে সবাইকে আন্দোলনে যোগ দেওয়ারও আহ্বান জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি। তার ভাষায়, এটি জাতীয় পার্টির সমস্যা নয়, এটি একটি জাতীয় সমস্যা। সমবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন, “হাত তুলে বলেন, টিপাইমুখের বিরুদ্ধে প্রতিবাদ, প্রতিরোধ করতে পারবেন কিনা?” এ সময় উপস্থিত জনতা হাত তুলে চিৎকার করে তাদের সম্মতির কথা জানায়। জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, ব্যারিস্টার আমিনুল ইসলাম, ফয়সাল চিশতী, সাংসদ ফজলে রাব্বি, মুজিবুল হক চুন্নু, নূরে হাসনা চৌধুরী লিলি এ জনসভায় বক্তব্য দেন। শনিবার সিলেটেই রাত্রিযাপনের পর রোববার সকালে লংমার্চের দ্বিতীয় দিনে এরশাদের নেতৃত্বে গাড়িবহর রওনা হবে জকিগঞ্জের উদ্দেশ্যে। বিকেলে সেখানেই লংমার্চের শেষ জনসভায় বক্তব্য দেবেন চেয়ারম্যান। জনসভা শেষ করেই ঢাকার পথে রওয়ানা হবেন তিনি। গাড়ি বহরে থাকা জাতীয় পার্টির নেতাদের মধ্যে রয়েছেন এটিএম ফজলে রাব্বি, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, এমএ হান্নান, এমএ সাত্তার, অ্যাডভোকেট সালমা ইসলাম, গোলাম মশিহ, জিয়াউদ্দিন আহমেদ বাবুল, কাজী ফিরোজ রশীদ, নুরে হাসনা লিলি চৌধুরী, জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জেকে/১৯০৭ ঘ.