২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে যুবদলের সংঘর্ষের জন্য শাহাদাতকে দায়ী করে বিবৃতি

চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের জন্য নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে দায়ী করেছেন ১১ থানার নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 05:20 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে যুবদলের দুই পক্ষের সংঘর্ষের জন্য নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনকে দায়ী করেছেন ১১ থানার নেতারা। বুধবার বিবৃতিতে বিএনপির ১১টি থানার ২৭ জন নেতা নগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান। বিবৃতিদাতারা সবাই আমীর খসরুর অনুসারী হিসেবেই পরিচিত। মঙ্গলবার বিকালে সংঘর্ষের পর বুধবার বিকালে মহানগর বিএনপি ও ১১ থানা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক জরুরি বৈঠক করে এ বিবৃতি দেন। নগর বিএনপির সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে সহ সভাপতি আবু সুফিয়ানসহ নগর কমিটি ও ১১টি থানার নেতারা উপস্থিত ছিলেন। মঙ্গলবার বিকালে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে যুবদল আয়োজিত স্বৈরাচার পতন দিবসের সমাবেশে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়। নগর যুবদলের নেতা কাজী বেলাল ও মোশাররফ হোসেন দীপ্তির অনুসারীদের মধ্যে ওই সংঘর্ষ হয় বলে সংগঠনটির নেতারা জানান। বেলাল সভাপতি আমীর খসরু এবং দীপ্তি সাধারণ সম্পাদক শাহাদাতের অনুসারী। ওই সংঘর্ষের পর চট্টগ্রামে বিএনপি ও সহযোগী সংগঠনের সভা-সমাবেশ-মিছিলসহ বিভিন্ন কার্যক্রম আপাতত বন্ধের নির্দেশ দেয় কেন্দ্রীয় বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/এমআই/২১১২ ঘ.