নরসিংদী, ডিসেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পৌর মেয়র লোকমান হোসেন হত্যাকারীদের বিচারের দাবিতে নরসিংদীর মাধবদী থেকে রায়পুরা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন হয়েছে।
নরসিংদী জেলা আওয়ামী লীগের ডাকে বুধবার ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, শিক্ষার্থী, ব্যবসায়ীদের পাশাপাশি লোকমানের পরিবারের সদস্যরাও অংশ নেয়।
সকাল ১১টায় মানববন্ধন শুরু হলেও সকাল ৯টা থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন সংগঠন মহাসড়কে অবস্থান নিতে শুরু করে। এতে লক্ষ মানুষ নিয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানিয়েছেন।
মানববন্ধনের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ৪০ কিলোমিটার এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। আটকা পরে শত শত গাড়ি।
দীর্ঘ মানববন্ধনে লোকমানের পরিবারের সদস্য অংশ নেন বাসাইল লায়ন্স প্রগ্রেসিভ চক্ষু হাসপাতালের সামনে।
লোকমানের মা মাজেদা বেগম সাংবাদিকদের বলেন, “আমি আমার ছেলেকে হারিয়েছি। আমার ছেলেকে যারা খুন করেছে তাদের বিচার দেখতে চাই। এটাই আমার প্রত্যাশা।”
লোকমান হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলনের ঘোষণা দিয়ে তার স্ত্রী তামান্না নুসরাত বুবলী বলেন, “জনগণকে সঙ্গে করে রাস্তায় নেমেছি। আন্দোলন চালিয়ে যাবো। কোনো অপশক্তি আমাদের রুখতে পারবে না।”
গত ১ নভেম্বর রাতে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকায় হাসপাতালে মারা যান নরসিংদী শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র লোকমান।
লোকমানের ভাই কামরুজ্জামান এ ঘটনায় টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন রাজুর ছোট ভাই সালাউদ্দিন আহমেদ বাচ্চুসহ ১৪ জনকে আসামি করে একটি মামলা করেন, যাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতা-কর্মী।
মামলার বাদি ও মেয়র লোকমানের ছোট ভাই কামরুজ্জামান মানববন্ধনে বলেন, নরসিংদীসহ দেশের মানুষ মন্ত্রী রাজুর অপসারণ দাবি করেছে। তাকে অবিলম্বে অপসারণ করা হোক।
“হত্যার সুষ্ঠু বিচারের জন্য আমরা প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে আছি,” বলেন তিনি।
লোকমান হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে এ পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে নরসিংদী শহর যুবলীগের সভাপতি আশরাফুল সরকারই শুধু মামলার আসামি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/সিএস/এমআই/১৯২০ ঘ.
bdnews24