ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতালে বিভিন্ন স্থানে মিছিল করতে গিয়ে পুলিশের বাধায় পড়েছে বিএনপি নেতা-কর্মীরা। ধোলাইখালে সাদেক হোসেন খোকার নেতৃত্বে মিছিলেও লাঠি চালিয়েছে পুলিশ।
ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করার প্রতিবাদে রোববার সকাল-সন্ধ্যা হরতাল করছে বিএনপি। এ নিয়ে লাগাতার আন্দোলনের ঘোষণাও রয়েছে তাদের।
হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে বিএনপি নেতা-কর্মীদের মিছিলে পুলিশ বাধা দিলেও সরকার সমর্থকদের হরতালবিরোধী বেশ কিছু মিছিল বিনা বাধায় হতে দেখা গেছে।
সকাল ১০টার দিকে পুরান ঢাকার ধোলাইখালে ঢাকা সিটি কর্পোরেশনের সদ্য বিদায় নেওয়া মেয়র খোকার নেতৃত্বে মিছিল বের হয়।
শতাধিক লোকের ওই মিছিল পুলিশ লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। তবে ১৫ থেকে ২০ মিনিট পর কিছু কর্মীকে জড়ো করে বিভিন্ন গলিতে মিছিল করেন খোকা। ওই মিছিল নিয়ে ঢাকার আদালত পাড়াও ঘোরেন তিনি।
সংসদ ভবন দক্ষিণ প্লাজায় সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া, আশরাফ উদ্দিন নিজান, রেহানা আক্তার রানু, শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিসহ বিএনপির বেশ কিছু সংসদ সদস্য সকালে মিছিলের চেষ্টা চালালে পুলিশ বাধা দেয়।
পুলিশের সঙ্গে বিএনপির সংসদ সদস্যদের কিছু সময় বদানুবাদও হয়। এরপর তারা সেখানে অবস্থান নিয়ে রয়েছেন।
সকাল ৮টায় গুলশান-২ নম্বরে মহিলা দলের সভানেত্রী নূরে আরা সাফার নেতৃত্বে একটি মিচিল বের হলে পুলিশ ধাওয়া দেয়।
সাফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধাওয়ার মুখে তারা একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। পুলিশ ওই বাড়ির সামনে অবস্থান নেওয়ায় তারা বের হতে পারছেন না।
ভোর সাড়ে ৫টায় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও সাবেক ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম ও হাবিবুর রহমান হাবিবের নেতৃত্বে ২০/২৫ জন নেতা-কর্মী নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে কাকরাইলের দিকে এগোতে চাইলে পুলিশ লাঠিপেটা করে তা ছত্রভঙ্গ করে দেয়।
এছাড়াও বিভিন্ন স্থানে মিছিলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছেন বিএনপি নেতা-কর্মীরা।
অন্যদিকে নগর ভবনে সিটি কর্পোরেশনের সরকার সমর্থক কর্মচারীরা হরতালবিরোধী মিছিল করছে। মহাখালীসহ বিভিন্ন এলাকায়ও সরকার সমর্থকদের মিছিল হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন নেতা নয়া পল্টনে দলীয় কার্যালয়ে রয়েছেন। তাদের ঘিরে রেখেছে পুলিশ।
হরতালে ঢাকার সড়কগুলোতে গাড়ি চলাচল কম। স্বল্প সংখ্যক বাস চলছে, চলছে কিছু অটোরিকশাও। বড় সড়কে রিকশা চলছে অনেক।
কমলাপুর থেকে ট্রেন এবং সদরঘাট থেকে লঞ্চ চলাচল করছে। বিমান চলাচলও স্বাভাবিক।
কমলাপুরের স্টেশন মাস্টার এন সি সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল থেকেই বিভিন্ন রুটে ট্রেনগুলো ছেড়ে গেছে। এর মধ্যে যান্ত্রিক ত্র“টির কারণে তিনটি ট্রেন ছাড়তে দেরি হয়।
সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল সাড়ে ৯টা পর্যন্ত চাঁদপুর এবং বরিশালের মুলাদির উদ্দেশে পাঁচটি লঞ্চ ছেড়ে যায়। তবে যাত্রীসংখ্যা ছিলো কম। ]
বিআইডব্লিউটিএ-এর ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. মহিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত রোববার এদিক থেকে যাত্রীসংখ্যা কমই হয়ে থাকে। এটা শুধু হরতালের কারণে নয়।”
সায়েদাবাদ বাস টার্মিনালে সকাল সাড়ে ৮টায় কুমিল্লার ভৈরব এবং চাঁদপুরের কচুয়ার উদ্দেশে কয়েকটি বাস ছেড়ে যেতে দেখা যায়। তবে যাত্রী ছিল কম।
কচুয়াগামী যমুনা পরিবহনের একটি বাসের হেলপার মো. জব্বার বলেন, “শুধু ঢাকা শহরে হরতাল, যাত্রাবাড়ী পার হলেই আমরা আরো যাত্রী পাবো।”
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ভাগে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন বিল বিএনপির প্রবল আপত্তির মধ্যেই গত ২৯ নভেম্বর সংসদে পাস হয়। এর পরদিন রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেয় বিএনপি। এর মধ্যে রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়েছে। ডিসিসি ভাগের সিদ্ধান্ত বাতিল না হলে হরতালের পর লাগাতার আন্দোলনেরও হুমকি দিয়েছে বিএনপি।
এই আইনের মাধ্যমে আগের ডিসিসির স্থলে ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি সিটি কর্পোরেশন হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেটি/এলএইচ/এসআই/এমআই/১১১৮ ঘ.
bdnews24