২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা নির্বাচন বর্জনের ঘোষণা বিএনপির

সেনা মোতায়েন ও ইভিএম পদ্ধতি বাতিল না করার সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 05:01 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

কুমিল্লা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনা মোতায়েন ও ইভিএম পদ্ধতি বাতিল না করার সিদ্ধান্তের প্রতিবাদে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বিএনপি। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন-উর-রশীদ ইয়াছিন নির্বাচনের বর্জনের সিদ্ধান্তের কথা জানান। তবে, নাগরিক কমিটির ব্যানারে বিএনপি নেতা সাবেক কুমিল্লা পৌর মেয়র মনিরুল হক সাক্কু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া আরো নয়জন মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। সেনা মোতায়েন না করা এবং ইভিএম ব্যবহার করাসহ কয়েকটি বিষয়েক কারণ হিসেবে উল্লেখ করে গত অক্টোবরে ভোট গ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন থেকে নিজেদের সমর্থিত প্রার্থীকে প্রত্যাহার করেছিল বিএনপি। শনিবার নিজের বাসায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমিন-উর-রশিদ ইয়াছিন বলেন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে আসছিল। গত ২২ নভেম্বর এই নির্বাচনের তফসিল ঘোষণার পর বিএনপি সেনা মোতায়েন করার এবং ইভিএম পদ্ধতি বাতিলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছিল। এরপর ২৫ নভেম্বর কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আবারো নির্বাচন কমিশনের কাছে সেনা মোতায়েন করা ও ইভিএম বাতিলের দাবি জানায়। এছাড়া পরদিন (২৬ নভেম্বর) রিটার্নিং অফিসারের কাছে তারা স্মারকলিপিও দেয়। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বলেছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের ব্যাপারে স্থানীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। সংবাদ সম্মেলনে বিএনপির জেলা সভাপতি বেগম রাবেয়া চৌধুরী, দক্ষিণ জেলা সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রচার সম্পাদক মোস্তফা জামান, কোতোয়ালি থানা সভাপতি আলী আক্কাছ, সাধারণ সম্পাদক রেজাউল করীম, শহর সভাপতি ফরিদ উদ্দিন, সাধারণ সম্পাদক ভিপি জসীম উদ্দিন আহমেদসহ যুবদল, ওলামা দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন। গত ২২ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা নির্বাচনের সময়সূচি (তফসিল) ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, শুক্রবার ছিল মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই হবে ৪ ও ৫ ডিসেম্বর এবং ১৪ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামী ৫ জানুয়ারি ভোট গ্রহণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/পিডি/২২৫৮ ঘ.