২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তুমি বেড়ে গেছ, হত্যা করা হবে’

বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, তাকে টেলিফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2011, 02:44 PM

Updated : 24 Aug 2022, 05:18 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা মির্জা আব্বাস বলেছেন, তাকে টেলিফোনে হত্যার হুমকি দেওয়া হয়েছে। শনিবার তিনি সাংবাদিকদের বলেন, “সন্ধ্যার দিকে মোবাইল ফোনে একজন ব্যক্তি আমাকে হত্যার হুমকি দিয়েছে।” তিনি বলেন, “০১৬৮-১৬৮২৪৯৫ নং থেকে আমার মোবাইলে ফোন করে এক ব্যক্তি উঁচু গলায় হুমকি দিয়ে বলেছে- তুমি বাসায় প্রস্তুত থাক। তুমি অনেক বেড়ে গেছ। তোমাকে হত্যা করা হবে।” সন্ধ্যা ৬টা এক মিনিটে প্রথমবার ওই নম্বর থেকে ফোন এলে তিনি তা ধরেননি জানিয়ে আব্বাস জানান, দ্বিতীয় কলটি আসে এর তিন মিনিট পর। ওই কলেই হুমকি দেওয়া হয়। এ বিষয়ে মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে জানান ওসি তোফাজ্জল হোসেন। সন্ধ্যার পর মীর্জা আব্বাসের আবেদন নিয়ে তার আইনজীবি মজিউদ্দিন চৌধুরি, দলীয় কর্মী নাহিদ নজরুল এবং সফিকুল ইসলাম ওই থানায় জিডি করেন। ওসি বলেন, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪১ ঘ.