ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, হরতালে অরাজকতা সৃষ্টি করা হলে ‘কঠোর’ ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা নয়, সিটি কর্পোরেশন ভাগ করা হয়েছে উল্লেখ করে শনিবার এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, “হরতালে অরাজকতা সৃষ্টি করলে আইন-শৃঙ্খলাবাহিনী তাদের কঠোর হাতে দমন করবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও প্রস্তুত আছে।”
ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার প্রতিবাদে বিএনপির রোববার রাজধানীতে ডাকা সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির পরিপ্রেক্ষিতে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
একই দিন আরেক অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, হরতালের নামে ‘ভাংচুর, জনদুর্ভোগ ও নৈরাজ্য’ সৃষ্টি করা হলে ‘যথাযথ’ ব্যবস্থা নেওয়া হবে।
হরতালে অরাজকতা জনগণই প্রতিহত করবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “বিরোধীদল ঢাকা সিটি কর্পোরেশন ভাগ করার সিদ্ধান্তের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
এর আগে গণতন্ত্রী পার্টির নেতা নুরুল ইসলাম হত্যার প্রতিবাদে আয়োজিত সভায় সাহারা বলেন,“সরকার নুরুল ইসলামের মৃত্যু রহস্য উদঘাটনের সাধ্যমত চেষ্টা করছে। তবে আপাতত তদন্তের স্বার্থে এ বিষয়ে বেশি কিছু না বলাই ভালো।”
শ্রমিক নেতা নুরুল ও তার একমাত্র ছেলে তমোহর ইসলাম ২০০৮ সালের ৩ ডিসেম্বর এক অগ্নিকাণ্ডে তাদের লালমাটিয়ার বাসায় মারা যান।
তাদের মৃত্যুর তিন বছর পূর্তিতে মুক্তিযুদ্ধ জাদুঘরে নাগরিক কমিটি আয়োজিত এ আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ, শিক্ষাবিদ জিল্লুর রহমান সিদ্দিকী, কবি মহাদেব সাহা, ফেরদৌসী প্রিয়ভাষিণী প্রমুখ।
ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) ভাগে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন সংশোধন বিল বিএনপির প্রবল আপত্তির মধ্যেই গত ২৯ নভেম্বর সংসদে পাস হয়। রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে বিলটি ইতোমধ্যে আইনে পরিণত হয়েছে।
এই আইনের মাধ্যমে আগের ডিসিসির স্থলে ‘ঢাকা উত্তর’ ও ‘ঢাকা দক্ষিণ’ নামে দুটি সিটি কর্পোরেশন হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে দুই সিটি কর্পোরেশনে নির্বাচন দেওয়া হবে।
ডিসিসি ভাগের সিদ্ধান্ত বাতিল না হলে হরতালের পর লাগাতার আন্দোলনেরও হুমকি দিয়েছে বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/আরএ/পিডি/১৮৩৪ ঘ.
bdnews24