২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশবিরোধী কাজে জনগণ থাকে না: মহীউদ্দীন আলমগীর

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দেশের উন্নয়নের বিপক্ষে ‘অপতৎপরতা’ চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2011, 11:34 AM

Updated : 26 Apr 2022, 12:00 AM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া দেশের উন্নয়নের বিপক্ষে ‘অপতৎপরতা’ চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর। বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “যারা দেশের স্বার্থবিরোধী কাজ করে তাদের সঙ্গে জনগণ থাকে না। স¤প্রতি খালেদা জিয়া খুলনায় এক জনসভায় বলেছেন, সেখানে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করতে দেওয়া হবে না।” অবশ্য খালেদার ওই বক্তব্যে আশ্চর্য হননি বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মহীউদ্দীন খান। খুলনায় বিরোধী দলের জনসভায় ব্যাপক লোকসমাগম প্রসঙ্গে তিনি বলেন, “লোকসমাগম দিয়ে জনপ্রিয়তার সূচক পরিমাপ করা যায় না। খুনি এরশাদ শিকদারকে দেখতেও অনেক লোকের সমাগম হয়েছিলো।” তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং ভারতের টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে গত ২৬ ও ২৭ নভেম্বর রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে খুলনায় ওই জনসভা করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে সাবেক এই সচিব বলেন, “খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চায়, সেজন্যই এ বিচারের জন্য প্রণীত আইন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এখন তিনি বলছেন, বিচার আন্তর্জাতিক মানের হচ্ছে না।” একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের কার্যক্রমকে ‘প্রহসন’ আখ্যায়িত করে কিছুদিন আগে এক জনসভায় খালেদা জিয়া যুদ্ধাপরাধের মামলায় গ্রেপ্তার জামায়াত ও বিএনপি নেতাদের মুক্তিও দাবি করেন। ঢাকা সিটি কর্পোরেশনের বিভক্তি নিয়ে বিরোধী দলের আন্দোলনকে ‘অপরাজনীতি’ আখ্যায়িত করে মহীউদ্দীন খান আলমগীর বলেন, “সেবার জন্য সিটি কর্পোরেশনকে ভাগ করা হয়েছে। বিভক্তি নিয়ে অযথা আন্দোলন না করে কীভাবে জনগণকে সেবা দেওয়া যায় সে ব্যাপারে সরকারকে পরামর্শ দিন।” বিএনপির প্রবল আপত্তির মধ্যেই মঙ্গলবার ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগ করার বিল জাতীয় সংসদে পাস হয়। সংশোধিত এ আইন অনুযায়ী, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে আলাদা দুটি সিটি কর্পোরেশন হবে। প্রশাসক নিয়োগ করে ৯০ দিনের মধ্যে নির্বাচন দেওয়া হবে দুই কর্পোরশনে। এই পরিপ্রেক্ষিতে ৪ ডিসেম্বর রাজধানীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। বঙ্গবন্ধু ফার্মেসি চিকিৎসক একাডেমী আয়োজিত এ আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করিম বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/আরএ/জেকে/১৭৩০ ঘ.