ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় সংসদের পাঁচটি সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত পাঁচ প্রার্থী। সংবিধান অনুযায়ী এই পাঁচটি আসন ক্ষমতাসীন দল পাচ্ছে বলে তাদের সংসদ সদস্য হওয়াও একপ্রকার নিশ্চিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর এ এন মাহফুজা খাতুন বেবী মওদুদ, আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান, মহিলা আওয়ামী লীগ চট্টগ্রাম শাখার নেত্রী হাসিনা মান্নান এবং সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট ফজিলাতুন্নেসা বাপ্পী বুধবার মনোনয়ন দাখিলের শেষ দিনে নির্বাচন কমিশনে যান। রিটার্নিং কর্মকর্তা মিহির সারোয়ার মোর্শেদের কাছে মনোনয়নপত্র জমা দেন তারা।
এ সময় তাদের সঙ্গে ছিলেন অওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস।
ঘোষিত তফসিল অনুযায়ী, ১ ডিসে¤¦র মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ৭ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ভোটগ্রহণের তারিখ রাখা হয়েছে ২৬ ডিসেম্বর। তবে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও আসনের সংখ্যা সমান হওয়ায় ভোটাভুটির প্রয়োজন পড়বে না।
গত ১৬ নভেম্বর নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন তফসিল ঘোষণা করে সাংবাদিকদের বলেন, “পাঁচ জনের বেশি মনোনয়ন জমা দিলেই কেবল ভোটাভুটি হবে। আর তা না হলে প্রত্যাহারের শেষদিনই ঘোষণা করা হবে নির্বাচিতদের নাম।”
সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংসদে সংরক্ষিত মহিলা আসনের সংখ্যা ৪৫ থেকে বাড়িয়ে ৫০ করা হয়। গত জাতীয় নির্বাচনে প্রাপ্ত ভোটের হিসাব করে নির্বাচন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে, এই ৫ আসনই পাবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
এরপর গত শনিবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে পাঁচ আসনের জন্য পাঁচজনের নাম চূড়ান্ত করা হয়।
এই পাঁচজনের মধ্যে বেবী মওদুদ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালে, কলকাতায়। ১৯৬৭ সাল থেকে তিনি সাংবাদিকতায় জড়িত। দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন কাজ করার পর বর্তমানে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আছেন।
আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুন নেসা ইন্দিরা এর আগে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি মুন্সীগঞ্জের গজারিয়ায়।
পিনু খানের বাড়ি ঢাকার নিউ মার্কেট এলাকায়। তিনি মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।
হাসিনা মান্নান চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। ১৯৯৪ সাল থেকে ছয় বছর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
৪০ বছর বয়সী সাবেক যুবলীগ নেতা ফজিলাতুন্নেসা বাপ্পী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর। জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পরিষদের এই সদস্যের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার পশ্চিম পাইকপাড়ায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/আরএম/জেকে/১৬১৪ ঘ.
bdnews24