২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ক্ষমতায় গেলে ঢাকা একীভূত : খোকা

ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার বিপক্ষে অবস্থান নেওয়া মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকা আবার একীভূত করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2011, 02:11 PM

Updated : 24 Aug 2022, 04:59 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করার বিপক্ষে অবস্থান নেওয়া মেয়র সাদেক হোসেন খোকা বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে ঢাকা আবার একীভূত করা হবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বরাত দিয়ে তিনি সোমবার সাংবাদিকদের এ কথা বলেন। ঢাকা সিটি কর্পোরেশনকে (ডিসিসি) দুই ভাগ নয়, ১৪ ভাগ করলেও সেবার মান বাড়বে না বলেও এসময় মন্তব্য করেন সাদেক হোসেন। নগর ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি বলেন, নগরবাসীর সুবিধার কথা বিবেচনা করে নয়, শুধু রাজনৈতিক হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করা হচ্ছে। এটা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গণবিরোধী সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার রোববার বলেন, সেবার মান বাড়ানোর উদ্দেশ্যেই ঢাকা ভাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রশাসক নিয়োগের বিধান রেখে ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ করতে গত ২৩ নভেম্বর জাতীয় সংসদে একটি বিল তোলা হয়। এর আগে এ প্রস্তাবে সম্মতি দেয় মন্ত্রিপরিষদ। ঢাকার ৯২টি ওয়ার্ডের মধ্যে ৫৬টি নিয়ে দক্ষিণে একটি এবং ৩৬টি ওয়ার্ড নিয়ে উত্তরে আরেকটি সিটি কর্পোরেশন গঠনের কথা বলা হয়েছে প্রস্তাবিত আইনে। ‘আলোচনা করে সিদ্ধান্ত প্রয়োজন’ সাদেক হোসেন সোমবার বলেন, বিভিন্ন পক্ষের সঙ্গে খোলামেলা আলোচনার করে এ ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। “অনেকে মনে করেন, আমাকে সরানোর জন্যই এটা করা হচ্ছে।”- যোগ করেন তিনি। ঢাকা সিটি কর্পোরেশনকে দুই ভাগ না করে অবিলম্বের নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে শনিবার মেয়র সাদেক বলেছিলেন, নির্বাচন হলে তিনি প্রার্থী হবেন না। ঢাকা সিটি কর্পোরেশনে নির্বাচনের মেয়াদ শেষ হয়েছে ২০০৭ সালের মে মাসে। খালেদা জিয়ার কথা উল্লেখ করে মেয়র সাদেক বলেন, “নেত্রী আমাকে বলেছেন ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে ঢাকাকে আবার একীভূত করা হবে। ” সেবার মান বাড়াতে হলে ঢাকা ভাগ নয়, মেট্রো সরকার প্রয়োজন মন্তব্য করে মেয়র বলেন, “সব সংস্থাকে এক ছাতার নিচে আনা সম্ভব হলেই সেবার মান বাড়বে। ” ঢাকাকে দুই ভাগ করার সিদ্ধান্তের প্রতিবাদে কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের প্রতি সমর্থন জানান তিনি। রোববারের পর সোমবার দুপুরেও এ সিদ্ধান্তের প্রতিবাদে নগর ভবন চত্বরে বিক্ষোভ মিছিল করেছে কর্মকর্তা ও কর্মচারীরা। ঢাকাকে দুই ভাগে ভাগ করার সিদ্ধান্ত থেকে সরে না আসলে ধর্মঘট ডেকে দেশের সব সিটি কর্পোরেশন ও পৌরসভার সেবা কার্যক্রম অচল করে দেওয়ারও হুমকি দিয়েছে বাংলাদেশ সিটি ও পৌর কর্মচারী ফেডারেশন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএইচ/পিডি/২০০২ ঘ.