ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টিপাইমুুখে বাঁধ নিয়ে রাজনীতি না করতে বিরোধী দলীয় নেতার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত।
সোমবার এক আলোচনা সভায় তিনি বলেন, “এটি কোনো দলীয় সমস্যা নয়, জাতীয় সমস্যা। সমাধানের জন্য একে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করতে হবে। সমঝোতা ও ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার জন্য সরকারকে আপনার (খালেদা জিয়া) সমর্থন দিতে হবে।”
ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এ সমস্যার সমাধান করতে হবে বলেও মত দেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত।
তিনি বলেন, বন্ধত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দেশের স্বার্থকে অক্ষুণœ রেখেই সমস্যা সমাধান করতে হবে। তবে বাংলাদেশকে বাদ দিয়ে টিপাইমুখে বাধ নির্মাণে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আমরা তা হতে দিতে পারি না।”
“দেশের সকল মানুষ টিপাইমুখে বাঁধ নিয়ে ন্যায্য সমাধান চায়। এজন্য আলোচনাই একমাত্র পথ। তবে আলোচনা ব্যর্থ হলে আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ সমস্যা সমাধানের পথ খোঁজা হবে”, যোগ করেন সুরঞ্জিত।
বিএনপি ক্ষমতায় থাকতে এ বিষয়ে স্বোচ্চার হলে এখন সমস্যায় পড়তে হতো না বলে- এমন দাবি করে তিনি বলেন, “জিয়াউর রহমানের আমলে যৌথ নদী কমিশনের একটি সভাও অনুষ্ঠিত হয়নি।”
“টিপাইমুখ বাঁধ হলে সুরমা, কুশিয়ারা নদী মরুভূমিতে পরিণত হবে। জীব বৈচিত্র আক্রান্ত হবে। এটি জীবন জীবিকার অস্তিত্বের জন্যও হুমকি হয়ে উঠবে”, বলেন আওয়ামী লীগের এই জ্যেষ্ঠ নেতা।
রাজধানীর গণগ্রন্থাগারে ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র ও ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হানিফের মৃত্যুবার্ষিকীতে এ আলোচনা সভার আয়োজন করে বঙ্গবন্ধু সাংস্কৃতি জোট।
দলীয়ভাবে হানিফের শোকসভা অনুষ্ঠিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সুরঞ্জিত।
২০০৬ সালের ২৮ নভেম্বর ৬২ বছর বয়সে মারা যান হানিফ। ২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলায়ও মারত্মক আহত হয়েছিলেন সাবেক মেয়র।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “১৯৬৯ এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর জাতীয় নির্বাচন, মুক্তিযুদ্ধ ও ’৯০-এর স্বৈরশাসনবিরোধী গণআন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক মোজাফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, কৃষক লীগের সহ-সভাপতি শেখ জাহাঙ্গীর আলম প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৫৫৩ ঘ.
bdnews24