২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচনে সহায়তা দেবে যুক্তরাষ্ট্র: মজিনা

ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2011, 01:01 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা বলেছেন, সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারকে সহায়তা করবে তার দেশ। রোববার পররাষ্ট্র সচিব মিজারুল কায়েসের সঙ্গে এক বৈঠকের পর এ কথা বলেন তিনি। মজিনা বলেন, “যুক্তরাষ্ট্র শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় বাংলাদেশকে সহায়তা করে আসছে এবং এক্ষেত্রে তারা সহায়তা অব্যাহত রাখবে।” বৃহস্পতিবার রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র তুলে ধরার মাধ্যমে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন মজিনা। দায়িত্ব নেওয়ার পর পররাষ্ট্র সচিবের সঙ্গে এটাই তার প্রথম বৈঠক। মজিনা বলেন, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক বিস্তৃত, গভীর ও শক্তিশালী করতে তার দেশের সর্বোচ্চ পর্যায় থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নের ওপর জোর দেওয়া হবে মন্তব্য করে তিনি বলেন, “এটা সম্পর্কের চেয়ে বেশি কিছু। দুই দেশ একই মূল্যবোধ ধারণ করা এটা অংশীদারিত্ব।” ভারত-বাংলাদেশ সম্পর্ক মার্কিন রাষ্ট্রদূত বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে সা¤প্রতিক অগ্রগতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র উৎসাহ যুগিয়েছে। তিনি বলেন, “বাংলাদেশের প্রধানমন্ত্রী গত বছর ভারত সফর করেছেন এবং কয়েক মাসের মাথায় ভারতের প্রধানমন্ত্রী ঢাকা এসেছেন।” “গত কয়েক বছরে দুই দেশের সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে এবং তা ভারত ও বাংলাদেশের মানুষের পাশাপাশি এ অঞ্চলের মানুষকে সহায়তা করবে।” দুর্নীতি মার্কিন এ কূটনীতিক বলেন, দুর্নীতি একটি বড় ধরনের সমস্যা এবং সরকার ও সুশীল সমাজের প্রতিনিধিদের এর বিরুদ্ধে একযোগে কাজ করা উচিত। তিনি বলেন, “বাংলাদেশে দুর্নীতিবিরোধী প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে আমরা সহায়তা করবো।” হঠাৎ করেই দুর্নীতি বন্ধ হবে না মন্তব্য করে মজিনা বলেন, “এর বিরুদ্ধে লড়াইয়ে ধাপে ধাপে এগোতে হবে।” পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে পররাষ্ট্র সচিব বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি তৈরি পোশাকের শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার দারিদ্র্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন এবং শিশু স্বাস্থ্য ও শিক্ষা পরিস্থিতির উন্নয়ন ঘটাবে’।” জবাবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জনগণের কল্যাণে সরকার, এদেশের জনগণ, সুশীল সমাজ ও অন্যান্য পক্ষের সঙ্গে অংশীদারিত্ব বাড়ানোর ক্ষেত্রে কাজ করে যাবেন বলে প্রতিশ্র“তি দেন রাষ্ট্রদূত মজিনা। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য, সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জন, সন্ত্রাস দমন, সমুদ্র নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে কাজ করবেন বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/পিডি/২২১৩ ঘ.