চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবনে নিরাপত্তার অভাবের কথা বলে আদালতে হাজিরার সময় বাড়িয়েছেন এলডিপি সভাপতি অলি আহমেদ।
রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমান সাংসদ অলির আইনজীবীদের আবেদনের প্রেক্ষিতে মামলার শুনানির নতুন তারিখ নির্ধারণ করেন আগামী বছরের ১৮ মার্চ।
রোববার অলি আহমেদের আদালতে হাজিরার দিন নির্ধারিত ছিল।
অলির আইনজীবী ও এলডিপিনেতা কফিল উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত ভবন এলাকায় নিরাপত্তার অভাববোধ করায় অলি আহমেদের পক্ষে আমরা হাজিরার সময় বাড়ানোর আবেদন করি।
বিচারক আগামী বছরের ১৮ মার্চ মামলার শুনানির নতুন তারিখ দিয়েছেন বলে জানান তিনি।
নারী সংসদ সদস্যদের নিয়ে একটি মন্তব্যের জের ধরে মানহানির মামলায় গত বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের আদালতে হাজির হয়ে সরকার সমর্থকদের তোপের মুখে পড়েন অলি আহমদ। আদালত প্রাঙ্গণে সংসদ সদস্য অলির গাড়ি লক্ষ্য করে জুতা ও ইট ছোড়া হয়।
এ ঘটনায় সাংবাদিক-আইনজীবীসহ আহত হয় কমপক্ষে ৩০ জন। ওইদিন আদালত মামলায় অলিকে জামিন দিয়ে রোববার হাজিরার দিন নির্ধারণ করেছিলেন।
এদিকে রোববার দুপর ১২টায় অলির ওপর হামলার ঘটনায় চট্টগ্রাম আদালত ভবন এলাকায় ‘আইনজীবী সমাজ’র ব্যানারে বিক্ষোভ মিছিল করে এলডিপি ও বিএনপি সমর্থিত আইনজীবীরা ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরআরডি/পিডি/১৭১৩ ঘ.
bdnews24