২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার প্রতিবাদে চট্টগ্রামে এলডিপির মানববন্ধন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের ওপর হামলা ও ‘প্রাণনাশের চেষ্টার’ প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2011, 12:44 PM

Updated : 24 Aug 2022, 04:58 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের ওপর হামলা ও ‘প্রাণনাশের চেষ্টার’ প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন করেছে দলটি। শনিবার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে দলের চট্টগ্রাম মহানগর শাখা এ মানববন্ধন করে। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তারা অবিলম্বে হামলাকারিদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করে। পাশাপাশি অলি ও দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা এলডিপি’র সভাপতি মোহাম্মদ নুরুল আলম। “কর্নেল অলির প্রাণনাশের জন্যেই এ হামলা চালানো হয়েছিল” দাবি করে সমাবেশে তিনি বলেন, “অথচ উল্টো আমাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো।” এদিনই অলি আহমদকে তার সংসদীয় এলাকা চন্দনাইশে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতারা। প্রধানমন্ত্রী ও নারী সাংসদের প্রতি কটূক্তিতে মানহানির এক মামলায় গত বৃহস্পতিবার অলি আহমদ জামিন নিতে চট্টগ্রাম আদালতে গেলে সরকার সমর্থকদের হামলার মুখে পড়েন। এ ঘটনায় এলডিপি নেতা-কর্মীদের বিরুদ্ধে যুবলীগ দুটি এবং যুবলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে এলডিপি একটি মামলা করে। এরপর শুক্রবার বিকালে চন্দনাইশ কলেজ গেইট এলাকায় যুবলীগ ও এলডিপি পাল্টপাল্টি প্রতিবাদ সমাবেশের আয়োজন করলে সেখানে ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/পিডি/১৮৪১ ঘ.