চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম আদালত ভবনে সংঘর্ষের একদিন পর অলি আহমদের নির্বাচনী এলাকা চন্দনাইশে যুবলীগ ও এলডিপি একই স্থানে সমাবেশ ডাকলেও কোনো পক্ষকেই সভা করতে দেয়নি প্রশাসন।
নারী সংসদ সদস্যদের নিয়ে অলি আহমদের ‘কটূক্তির’ প্রতিবাদে স্থানীয় যুবলীগ শুক্রবার বিকাল ৪টায় কলেজ গেইট এলাকায় (গাছবাড়িয়া কলেজ) প্রতিবাদ সমাবেশ ডাকে।
অন্যদিকে আদালত ভবনে অলি আহমদের ওপর হামলার প্রতিবাদে এলডিপিও একই সময়ে ওই এলাকায় সমাবেশের ঘোষণা দেয়।
এর পরিপ্রেক্ষিতে ‘শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে’ প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে।
চন্দনাইশ থানার ওসি মো. রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার বেলা ২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত গাছবাড়িয়া কলেজ গেইট সংলগ্ন দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির মৃধা বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। সন্ধ্যায় ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।
হুমায়ুন জানান, বিকাল ৫টার দিকে যুবলীগ নেতা-কর্মীরা গাছবাড়িয়া কলেজ এলাকায় মিছিলের প্রস্তুতি নিয়েছিল। ওই সময় পুলিশ নিষেধ করলে তারা মিছিল না করেই চলে যায়।
প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিলেও এলডিপির নেতা-কর্মীরা কলেজ গেইট এলাকায় আসেনি বলে জানান তিনি।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ব্যবসায়ী ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমর্থক আফতাব আহমেদ শিমুল গত ২০ নভেম্বর চট্টগ্রামের আদালতে সাংসদ অলির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার আরজিতে বলা হয়, “গত ১৮ নভেম্বর চন্দনাইশে এলডিপি’র সমাবেশে অবসরাপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, চন্দনাইশে একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যা সমাধান করা যাবে না, তাই বেশি করে টুঙ্গীপাড়া থেকে সুন্দরী মহিলাদের এনে চন্দনাইশে দিলে যুবসমাজের কল্যাণ হবে।”
বৃহস্পতিবার ওই মামলায় জামিন নিতে চট্টগ্রাম আদালত ভবনে গিয়ে সরকার সমর্থকদের হামলার মুখে পড়েন অলি। আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময়ও তার ওপর হামলা হয়। এ সময় এলডিপি সমর্থক, আইনজীবী ও সাংবাদিকসহ কয়েকজন আহত হন।
ওই ঘটনায় গভীর রাতে দুই পক্ষ পাল্টাপাল্টি তিনটি মামলা দায়ের করে। এর মধ্যে দুটি মামলায় অলিসহ এলডিপির ৪১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। এ দুটি মামলা দায়ের কারেছেন আফতাব মাহমুদ শিমুল ও চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের নেতা এম ওয়াহিদুজ্জামান চৌধুরী।
অন্যদিকে এলডিপি চট্টগ্রাম মহানগর শাখার দপ্তর সম্পাদক দোস্ত মোহাম্মদ অন্য মামলায় চন্দনাইশের যুবলীগ নেতা আবু আহমদ ঝুনুসহ ২০ জনকে আসামি করেছেন।
তিন মামলাতেই হামলা, ভাঙচুর ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমআই/২২৫০ ঘ.
bdnews24