২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিপাইমুখ: ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের

ভারতে বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরোধিতায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 04:57 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতে বরাক নদীর ওপর টিপাইমুখে বাঁধ নির্মাণের বিরোধিতায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে এ আহ্বান জানান। তিনি বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণ হলে সিলেটসহ আশপাশের প্রায় তিন কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে রাজ্জাক বলেন, “অন্তত এই ইস্যুতে (টিপাইমুখ) যদি আমরা ঐকমত্যে পৌঁছতে পারি, তাহলে এই মহাবিপর্যয় ঠেকানো যাবে। আমাদের সবাই মিলে ভারতের ওপর চাপ সৃষ্টি করা উচিত।” বাঁধ নির্মাণের আগে যৌথ জরিপের দাবি জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই মিলে জয়েন্ট সার্ভের দাবি জানাবো, না হলে জাতিসংঘে যাবো, আন্তর্জাতিক আদালতে যাবো।” বরাক নদীর ওপরে টিপাইমুখে বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি রাষ্ট্রায়ত্ত সংস্থার সঙ্গে মনিপুর রাজ্য সরকারের বিনিয়োগ চুক্তির খবর শুক্রবার বিবিসি প্রকাশ করলে তা নিয়ে নতুন করে আলোচনা উঠে; বাংলাদেশে দেখা দেয় উদ্বেগ-উৎকণ্ঠা। এরপর ঢাকার পক্ষ থেকে চিঠি পাঠানো হলে নয়াদিল্লি জানায়, টিপাইমুখে এমন কিছু হবে না, যাতে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়। প্রধানমন্ত্রী বলেছেন, টিপাইমুখ বিষয়ে তার সরকার সচেতন রয়েছে। ট্রাস্ট টেলি মিডিয়া লিমিটেড এর আয়োজনে ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, রাজনৈতিক নেতাদের হয়রানি, ক্ষুব্ধ জনগণ ও ব্যর্থ সরকারের পতন’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। তিনি বলেন, “পানি এখন বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা। ব্রহ্মপুত্র শুকিয়ে যাচ্ছে, ফারাক্কার কারণে পদ্মা শুকিয়ে গেছে। এখন একমাত্র মেঘনা নদীর পানি আমরা পাই। টিপাইমুখে বাঁধ হলে আমরা তাও পাবো না।” মাহবুবুর রহমানও টিপাইমুখ প্রশ্নে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, “নতজানু নয়, শির উঁচু করে কথা বলুন। জনগণ আপনার পাশে আছে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/২২৫৬ ঘ.