ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে আদালতে অলি আহমদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।
বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।
বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে খালেদা জিয়া বলেন, “একটি মিথ্যা মামলায় জামিন নেওয়ার জন্য চট্টগ্রামের কোর্ট ভবনে উপস্থিত হওয়ার সময় তার ওপর পুলিশের উপস্থিতিতে আওয়ামী সন্ত্রাসীরা তিন দফা হামলা চালায়। এ ধরণের হামলা ন্যাক্কারজনক এবং গণতন্ত্র ও আইনের শাসনের পরিপন্থী।”
একটি মানহানির মামলায় জামিন চাইতে আদালতে গিয়ে বৃহস্পতিবার সরকার সমর্থকদের হামলার শিকার হন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
নারী সংসদ সদস্যদের কটাক্ষ করে বক্তব্য রাখার অভিযোগে আওয়ামী লীগ সমর্থক এক ব্যবসায়ী এ মামলা করেন গত ২০ নভেম্বর।
হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবি করে খালেদা জিয়া বৃহস্পতিবার বিবৃতিতে বলেন, “মিথ্যাবাদী ফ্যাসিস্ট আওয়ামী সরকার মুখে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের বুলি আওড়ালেও তারা বীর মুক্তিযোদ্ধাদের লাঞ্ছিত ও অপমান করতে বিন্দুমাত্র দ্বিধা করে না।”
“দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া পদলেহী এই সরকারের গোপন চুক্তির বিরুদ্ধে সংগ্রামী মানুষের কঠিন প্রতিরোধে কর্নেল অলি সামিল থাকছেন বলেই তাকে হত্যা করার জন্য তার ওপর আওয়ামী দুষ্কৃতকারীরা হামলা চালিয়েছে।”- দাবি করেন বিএনপি চেয়ারপার্সন।
সরকারকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, “আমি দ্ব্যর্থহীন ভাষায় বর্তমান ক্ষমতাসীন সরকার ও সরকারি দলকে বলে দিতে চাই, আপনারা আপনাদের সন্ত্রাসী গুণ্ডাপাণ্ডাদের সামলান, অন্যথায় এর চরম পরিণতি বহন করতে হবে।”
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত কর্নেল অলি জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে দীর্ঘ মতবিরোধের পর ২০০৬ সালের ২৯ অক্টোবর বিএনপি ছাড়েন।
এরপর সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারায় যোগ দিলেও পরে সেখান থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন অলি।
বিএনপির চলমান সরকারবিরোধী আন্দোলনের সঙ্গে যুগপৎ আন্দোলন করবে বলে চলতি মাসে ঘোষণা দিয়েছে এলডিপি। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটে এলডিপির যুক্ত হওয়া নিয়ে জোটের শীর্ষনেতাদের বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলেও ইতিমধ্যে আশা প্রকাশ করেছে দলটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২১৪০ ঘ.
bdnews24