ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের আদালতে এলডিপি সভাপতি অলি আহমদের ওপর হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করেছে যুবলীগ কর্মীরা।
প্রধানমন্ত্রী ও স্থানীয় নারী সাংসদকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে একটি মানহানির মামলায় হাজিরা দিতে অলি বৃহস্পতিবার সকালে আদালতে গেলে তার গাড়িতে প্রথমে জুতা ও ইট ছোড়া হয়। আদালতে অলির শুনানি চলাকালে বাইরে জুতা ও ঝাড়– নিয়ে মিছিল করে যুবলীগ কর্মীরা।
ওই মামলার বাদী আফতাব আহমেদ শিমুল এ সময় সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ও স্থানীয় নারী সাংসদকে জাড়িয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় অলি আহমদকে ক্ষমা চাইতে হবে।
অলি হাজিরা দিয়ে বাইরে আসার পর যুবলীগ নেতাকর্মীরা তার ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও এলডিপি কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ লাঠিপেটা করে। পরে পুলিশের সহায়তায় আদালত চত্বর ত্যাগ করেন এই সংসদ সদস্য।
এ সময় আদালত চত্বরে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
চট্টগ্রামের চন্দনাইশ এলাকার ব্যবসায়ী ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট আফতাব আহমেদ শিমুল গত ২০ নভেম্বর অলির বিরুদ্ধে এই মানহানির মামলা করেন। ওইদিনই আদালত মামলাটি গ্রহণ করে অলিকে এক সপ্তাহের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়।
মামলার আরজিতে বলা হয়েছে, “গত ১৮ নভেম্বর চন্দনাইশে এলডিপি’র সমাবেশে অবসরাপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, চন্দনাইশে একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যা সমাধান করা যাবে না, তাই বেশি করে টুঙ্গীপাড়া থেকে সুন্দরী মহিলাদের এনে চন্দনাইশে দিলে যুবসমাজের কল্যাণ হবে।”
তার এ বক্তব্য পরদিন স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়।
জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে দীর্ঘ মতবিরোধের পর ২০০৬ সালের ২৯ অক্টোবর বিএনপি ত্যাগ করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্টজন হিসেবে পরিচিত কর্নেল অলি। এরপর সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারায় যোগ দিলেও পরে সেখান থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেকে/১২১৫ ঘ.
bdnews24