২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগ নিশ্চিত না হয়ে মন্তব্য করে না: আশরাফ

সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তার দলীয় পদ ও মন্ত্রিত্ব ছাড়ার খবর দেশি সংবাদ মাধ্যমে এলে আওয়ামী লীগ এর জবাব দিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2011, 06:21 PM

Updated : 24 Aug 2022, 04:49 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তার দলীয় পদ ও মন্ত্রিত্ব ছাড়ার খবর দেশি সংবাদ মাধ্যমে এলে আওয়ামী লীগ এর জবাব দিত। মঙ্গলবার তিনি সাংবাদিকদের বলেন, “আওয়ামী লীগ একটি প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। নিশ্চিত না হয়ে কোনো বিষয়ে আওয়ামী লীগ মন্তব্য করে না।” “দেশের কোনো সংবাদ মাধ্যমে যদি এই সংবাদ আসতো তাহলে আমরা তার জবাব দিতাম। অচেনা একটি ওয়েবসাইটে কোনো সোর্স ছাড়াই প্রকাশিত খবরের জবাব দেওয়া সমীচিন মনে করি না।”- যোগ করেন তিনি। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভনেত্রীর কার্যালয়ে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র বিক্রি উদ্বোধনের পর এক সংবাদ সম্মেলনে কথা বলছিলেন আশরাফ। যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ডের একটি সংবাদকে ভিত্তি করে গত ১৪ নভেম্বর বাংলাদেশের ট্যাবলয়েড মানবজমিন-এর অনলাইন সংস্করণে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মতপার্থক্যের কারণে সৈয়দ আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রীর দায়িত্ব ত্যাগ করেছেন। ওই খবর প্রকাশের দিনই সত্যতা জানতে চাইলে আওয়ামী লীগ বলেছিল, এটি অসত্য, বানোয়াট খবর। গুজব প্রসঙ্গে স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ মঙ্গলবার বলেন, “টেলিফোনে আমার কাছে অনেক গুজব আসে। কারা এই গুজব ছড়ায় জানি।” তার ফোনে গুজব দিয়ে মেসেজ আসে যাতে ফোন নম্বর থাকে না- এ কথা উল্লেখ করে আশরাফ বলেন, “এই মেসেজ যাচাই-বাছাই করার চেষ্টা করি। কিন্তু সেটা কীভাবে সম্ভব যার কোনো নম্বর থাকে না?” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার পদত্যাগ গুজব প্রসঙ্গে আরো বলেন, “যে ওয়েবসাইটে এই গুজব ছাড়া হয়েছে সেটি রেজিস্ট্রেশনবিহীন- আমরা খোঁজ নিয়ে জেনেছি। কোনো সোর্সের বরাত দিয়ে তথ্য না দিলে সেটা ভিত্তিহীন হয়ে যায়।” “কোনো তথ্য দিতে হলে সোর্স নিশ্চিত করতে হবে।”- যোগ করেন তিনি। নিজের দলীয় পদ ও মন্ত্রীত্বের প্রসঙ্গ টেনে সৈয়দ আশরাফ বলেন, “আমি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সরকারের এলজিআরডি মন্ত্রী, দলের মুখপাত্র। আমি সংবাদ সম্মেলন করলাম- এটা সংবাদ হবে। আপনারা প্রকাশ করবেন এটাই স্বাভাবিক।” পদত্যাগের খবর নিয়ে আশরাফ সোমবার বলেছিলেন, দেশের বাইরের এক অখ্যাত নিউজ এজেন্সির করা রিপোর্টের পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করা সমীচীন নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/০০১০ ঘ.