ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা নিয়ে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিলের ঘোষণা দেওয়ার পরদিনই প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করলেন ওই আসনের সংসদ সদস্য মহীউদ্দীন খান আলমগীর।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বুধবার দুপুরে ইসি সচিবালয়ে যান। সেখানে সিইসি এ টি এম শামসুল হুদার সঙ্গে দেখা করেন তিনি।
ইসিতে আসার কারণ কী- জানতে চাওয়া হলে সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী আলমগীর হাসতে হাসতে বলেন, “চা খেতে এসেছিলাম।”
চাঁদপুর-১ আসন শূন্য ঘোষণা ইসির আপিলের ঘোষণার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, “রায় তো আমার পক্ষেই আছে। তবে এটি সাবজুডিস (বিচারাধীন) বিষয়, মন্তব্য করতে চাই না।”
আলমগীরের আবেদনে বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চ রায়ে বলে, চাঁদপুর-১ (কচুয়া) আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রকাশিত গেজেট প্রকাশ আইনগত কর্তৃত্ববহির্ভূত। ওই গেজেট প্রকাশের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য নির্বাচন কমিশনের প্রতি নির্দেশও দেওয়া হয়।
সিইসি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করবে ইসি।
চাঁদপুর-১ আসনে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি নেতা আ ন ম এহছানুল মিলনকে হারিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন আলমগীর। তিনি বর্তমানে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
তবে আদালতের রায়ে সাজাপ্রাপ্ত আলমগীরের প্রার্থিতা বাতিল করে গত বছরের ২২ সেপ্টেম্বর ওই আসন শূন্য ঘোষণার গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন।
হাইকোর্টের অন্য একটি আদেশের বলেই ইসি ওই সিদ্ধান্ত নেয়। তবে এর মধ্যেই উচ্চ আদালত বাতিল করে আওয়ামী লীগের এ নেতার সাজার আদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১৫৪০ ঘ.
bdnews24