ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারী সংসদ সদস্যদের নিয়ে বক্তব্যের জন্য সংসদে এলডিপি সভাপতি অলি আহমদের কড়া সমালোচনা করেছেন সরকারদলীয় সংসদ সদস্যরা। তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনার দাবিও উঠেছে।
রোববার জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অলি আহমদের সমালোচনা করেন পাঁচ জন সংসদ সদস্য। অলি আহমদকে ক্ষমা চাইতেও বলেন নারী সংসদস সদস্যরা।
চট্টগ্রামের একটি আসন থেকে নির্বাচিত অলি আহমদের বক্তব্য নিয়ে সংসদে আলোচনার সূত্রপাত ঘটান চট্টগ্রামেরই সংসদ সদস্য জাসদ নেতা মঈনউদ্দিন খান বাদল।
তিনি বলেন, "নারী সংসদ সদস্যদের কটাক্ষ করে স¤প্রতি চট্টগ্রামে অশালীন বক্তব্য রাখেন অলি। তার এ বক্তব্য চট্টগ্রামের দৈনিক পূর্বকোণ ও দৈনিক আজাদীতে প্রকাশ হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।"
প্রকাশিত প্রতিবেদন অনযায়ী অলি গত ১৮ নভেম্বর চন্দনাইশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির এক সভায় বলেন, "আমার এলাকায় এক জন মহিলা এমপি দেওয়া হয়েছে। কিন্তু এলাকায় যুবক অনেক। এক জন মহিলা দিয়ে হবে না। ফরিদপুর থেকে কিছু সুন্দরী মেয়ে দিলে যুবকদের কাজে লাগতো।"
এ বক্তব্য নিয়ে রোববার অলির বিরুদ্ধে চট্টগ্রামে একটি মামলাও হয়েছে।
সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি বলেন, "অলিকে ক্ষমা চাইতে হবে। নারী সাংসদদের অপমান করেছেন তিনি। আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি।"
তারানা হালিম বলেন, "নারীকে পণ্য হিসেবে উল্লেখ করায় সহকর্মী হিসেবে আমি লজ্জাবোধ করছি। তাকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।"
চট্টগ্রামের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, "চট্টগ্রামে দুজন বেয়াদব আছেন। এখন এক জন জেলে (সাকা চৌধুরী) ও অন্য জন বাইরে (অলি)।"
অলি আহমেদের বিরুদ্ধে আনা অভিযোগ স্পিকারের বিশেষ অধিকার কমিটির কাছে পাঠানোর অনুরোধ জানিয়েছেন সরকারদলীয় সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
তিনি বলেন, "তিনি (অলি) কুরুচিপূর্ণ বক্তব্য রেখে সব সংসদ সদস্য বা সংসদের অধিকার ও মর্যাদা ক্ষুন্ন করেছেন। তাকে শুধু ক্ষমা চাইলেই হবে না, তার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা উচিত।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/২০২০ ঘ.
bdnews24