চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ষড়যন্ত্র করেও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরা থেকে বিরত রাখতে পারবে না বলে জানিয়েছেন বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার বিকালে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ে নগর বিএনপি'র উদ্যোগে তারেকের জন্মদিনের আলোচনা সভায় চট্টগ্রাম নগর বিএনপির এই সভাপতি এ কথা বলেন।
তিনি বলেন, "দেশের এই ক্রান্তিলগ্নে জনগণ তারেক রহমানের অভাব অনুভব করছে। সরকার যতই ষড়যন্ত্র করুক না কেন, তারেকের দেশে ফেরা ঠেকাতে পারবে না।"
তারেক রহমান বর্তমানে লন্ডনে রয়েছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭ সালের ৭ মার্চ তাকে গ্রেপ্তার করা হয়। সুপ্রিম কোর্ট থেকে জামিন নিয়ে একই বছরের ১১ সেপ্টেম্বর তিনি চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান।
নগর বিএনপি'র সহ-সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে দলের সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, নগর কমিটির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান প্রমুখ বক্তব্য দেন।
পরে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ২০ পাউন্ডের একটি কেক কাটা হয়। এ ছাড়া নগর বিএনপি মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন ও শোভাযাত্রা বের করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯২৮ ঘ.
bdnews24