চট্টগ্রাম, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী ও স্থানীয় মহিলা সাংসদকে কটাক্ষ করে বক্তব্য দেওয়ার অভিযোগে বিএনপির নতুন মিত্র এলডিপির সভাপতি অলি আহমেদের বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে।
বিচারক অলিকে এক সপ্তাহের মধ্যে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
রোববার দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম মাহাবুবুর রহমানের আদালতে চন্দনাইশ এলাকার বাসিন্দা আফতাব আহমেদ শিমুল নামে এক যুবক সংক্ষুব্ধ হয়ে এ মামলা করেন। আফতাব পেশায় একজন ব্যবসায়ী।
গত ১৮ নভেম্বর চন্দনাইশে এলডিপি'র সমাবেশে অবসরাপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, "চন্দনাইশে একজন মহিলা এমপি দিয়ে হাজার যুবকের সমস্যা সমাধান করা যাবে না, তাই বেশি করে টুঙ্গীপাড়া থেকে সুন্দরী মহিলাদের এনে চন্দনাইশে দিলে যুবসমাজের কল্যাণ হবে।"
তার এ বক্তব্য পরদিন স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়।
বাদির আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অলি আহমেদের বক্তব্য প্রধানমন্ত্রী ও স্থানীয় মহিলা সাংসদ চেমন আরা তৈয়বসহ নারী সমাজের জন্য অপমানকর বলে মনে করেন বাদি।
এতে সংক্ষুব্ধ হয়ে বাদি এলডিপি সভাপতির বিরুদ্ধে আদালতে মানহানির মামলা করেন বলে জানান তিনি।
সাইমুল বলেন, "বিচারক বাদির অভিযোগ আমলে নিয়ে অলিকে সাত দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।"
জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে দীর্ঘ মতবিরোধের পর ২০০৬ সালের ২৯ অক্টোবর বিএনপি ত্যাগ করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্টজন হিসেবে পরিচিত কর্নেল অলি। এরপর সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারায় যোগ দিলেও পরে সেখান থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন অলি।
অলিকে সরকারবিরোধী আন্দোলনে সঙ্গে পেতে বিএনপির চেষ্টা শুরু হয় গত জুলাইয়ে। স¤প্রতি বিএনপির বিভিন্ন কর্মসূচিতে তার দল যোগ দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৫২০ ঘ.
bdnews24