ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম)- এলডিপি-প্রধান অলি আহমেদ বলেছেন, সরকার পতন ঘটাতে তারা চার দলীয় জোটের সঙ্গে 'যুগপৎ' আন্দোলন করবেন।
শনিবার এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানিয়ে তিনি বলেন, "আগামীতে চার দলের শীর্ষ নেতাদের বৈঠকে আমাদের যুক্ত হওয়ার ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আশা করছি।"
তিনি বলেন, "আমরা সরকারের বিরুদ্ধে চলমান আন্দোলনে বিএনপিসহ চার দলের সঙ্গে যুগপৎভাবে কাজ করছি। এক পর্যায়ে সরকার পতনের আন্দোলনও শুরু হবে। তাতেও আমরা এক সঙ্গে থাকব।"
বিএনপি চেয়ারপার্সন খালোদ জিয়ার সঙ্গে এক বৈঠক শেষে যৌথ সংবাদ ব্রিফিংয়ে তিনি একথা জানান।
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অত্যন্ত ঘনিষ্টজন হিসেবে পরিচিত কর্নেল অলিকে সরকারবিরোধী আন্দোলনে সঙ্গে পেতে বিএনপির চেষ্টা শুরু হয় গত জুলাইয়ে।
সর্বশেষ গত ৭ নভেম্বর অলি গুলশানের বাসায় খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
বিএনপির সাবেক নেতা অলি শনিবার ব্রিফিংয়ে বলেন, "বৈঠকে সারাদেশে এলডিপির জেলা কমিটিগুলো এখন থেকে চার দলের সঙ্গে এক হয়ে কাজ করার সিদ্ধান্ত হয়েছে।"
গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে চার দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে অলি আহমেদ বৈঠক করেন। তিনি ৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে দেন। রাত সোয়া ৮টা থেকে শুরু হওয়া বৈঠকটি শেষ হয় সোয়া ৯টায়।
বৈঠকে এলডিপির মহাসচিব অধ্যাপক জাহানারা বেগম, সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমেদ, মামদুদুর রহমান, সৈয়দ দিদার বখত, যুগ্ম মহাসচিব সাহাদাৎ হোসেন সেলিম ছিলেন।
এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ছিলেন বৈঠকে।
বৈঠকের পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও অলি এ যৌথ সংবাদ ব্রিফিং করেন।
মির্জা ফখরুল বলেন, বৈঠকে এলডিপির জোটের সঙ্গে পুরোপুরি যুক্ত হওয়া এবং চার দলীয় জোট স¤প্রসারণের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
"কিন্তু চার দলের শীর্ষ নেতাদের অনেকে কারাগারে এবং দ্বিতীয় পর্যায়ের অনেক নেতা মামলার কারণে বৈঠকে আসতে পারবেন না বলে শীর্ষ বৈঠক হচ্ছে না।"
তিনি বলেন, "শীর্ষ বৈঠক হলেই এলডিপির বিষয়টি বিবেচনা করা হবে। ইতিবাচক সিদ্ধান্ত হতে পারে।"
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জোট শরিক জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লা এবং বিএনপির জ্যেষ্ঠ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী কারাগারে আটক রয়েছেন। এদের মধ্যে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে।
জামায়াতের সঙ্গে জোট গঠন নিয়ে দীর্ঘ মতবিরোধের পর ২০০৬ সালের ২৯ অক্টোবর বিএনপি ত্যাগ করেন অলি আহমেদ। এরপর সাবেক রাষ্ট্রপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন বিকল্প ধারায় যোগ দিলেও পরে সেখান থেকে বেরিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন অলি।
গত নির্বাচনে অংশ নিয়ে সাংসদ নির্বাচিত হন বিএনপির এই সাবেক মন্ত্রী।
বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব বদরুদ্দোজা দল ছাড়েন ২০০২ সালে। ২০০১ সালে ক্ষমতায় আসা বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া এ নেতা ২০০২ সালের জুন মাসে দলের চাপে পদত্যাগে বাধ্য হন। এরপর ওই বছরেরই অগাস্টে বিকল্প ধারা গঠন করেন তিনি।
২০০৮ সালের ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে এলডিপি ও বিকল্প ধারা বিএনপির বিপক্ষে অবস্থান নেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/২২২৩ ঘ.
bdnews24