গোপালগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে বিরোধী দলের আন্দোলন কার্যত দুর্নীতিবাজ ও যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, "বিরোধীদলীয় নেতা জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে যুদ্ধাপরাধীদের বাঁচাতে আন্দোলনে নামতে চান। তার এ আন্দোলন দেশের মানুষ মেনে নেবে না। কেননা মানুষ তাদের দুর্নীতি, সন্ত্রাস, লুটপাট ও অত্যাচার-নির্যাতনের কথা ভুলে যায়নি।"
বুধবার নিজের নির্বাচনী এলাকা গোপালগঞ্জের কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজ মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
কোটালীপাড়ার এই মাঠেই ১১ বছর আগে শেখ হাসিনার জনসভার আগে ৭৬ কেজি ওজনের একটি বোমা পাওয়া গিয়েছিলো। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে, তাকে হত্যার পরিকল্পনা করেছিলো জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ (হুজি)।
এবার প্রধানমন্ত্রীর এ জনসভা ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী কড়া নিরাপত্তা ব্যবস্থা নেয়। প্রশাসনের পাশাপাশি দলের তিনশ কর্মী স্বেচ্ছা সেবকের দায়িত্ব পালন করে।
শেখ হাসিনা বলেন, "বিরোধীদলীয় নেতা ১৫ ফেব্র"য়ারির প্রহসনের নির্বাচনে বঙ্গবন্ধুর খুনিদের নির্বাচিত করে তাদের বাঁচাতে চেয়েছিলেন। কই, তিনি খুনিদের তো রক্ষা করতে পারেননি। এদের ফাঁসির রায় বাংলাদেশের মাটিতেই কার্যকর হয়েছে। এবার তিনি যুদ্ধাপরাধীদের বাঁচাতে নতুন ষড়যন্ত্র শুরু করেছেন। তবে এবারো তিনি ব্যর্থ হবেন।"
বিএনপি-জামায়াত জোট সরকারের শাসনামলের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "ওই সময় দেশকে নরকে পরিণত করা হয়েছিলো। সেই অত্যাচার-নির্যাতনের চিহ্ন এখনো মুছে যায়নি। বিএনপি ক্ষমতায় থাকলে সারাদেশে দুর্নীতি ও লুটপাট হয়। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে উন্নয়ন হয়, মানুষ কিছু পায়।"
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে শিক্ষাবিমুখ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা বলেন, "তিনি নিজের দুই ছেলেকে লেখাপড়া শেখাননি। তারা শিক্ষার জন্য সরকারি টাকা নিলেও এক ছেলে ডিগ্রি নিয়েছে ড্রাগ খাওয়ায়, অন্যজন নিয়েছে দুর্নীতি ও অর্থপাচারের ডিগ্রি।"
বিরোধীদলীয় নেতার বিরুদ্ধে এতিমের টাকা চুরি এবং কালো টাকা সাদা করার অভিযোগও করেন প্রধানমন্ত্রী।
জিয়াউর রহমানের সমালোচনা করে হাসিনা বলেন, "১৫ অগাস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতায় বসে সংবিধান রহিত করেছিলেন জিয়া। ৩৬ বছর পর তার ক্ষমতা দখলকে অবৈধ ঘোষণা করেছে দেশের সর্বোচ্চ আদালত।"
"আর যাতে কেউ অবৈধ ও অসাংবিধানিকভাবে রাষ্ট্রক্ষমতা দখল না করতে পারে, সে জন্য শাস্তির বিধান রেখে সংবিধান সংশোধন করা হয়েছে," বলেন তিনি।
তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলের আন্দোলনের প্রতি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে যত নির্বাচন হয়েছে তার সবগুলোই অবাধ, সুষ্ঠ ও শান্তিপূর্ণ হয়েছে। কোনো দলীয় সরকারের অধীনে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যে হতে পারে, তা একমাত্র আওয়ামী লীগই প্রমাণ করেছে।
দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম কোটালীপাড়ায় এলেন শেখ হাসিনা। তাই তাকে স্বাগত জানাতে কলেজ মাঠ লোকে লোকারণ্য হয়ে ওঠে। হাতের হাতে ছিলো আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক নৌকা।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বের ব্যস্ততায় নিজের নির্বাচনী এলাকায় সময় না দিতে পারার কথা তুলে ধরেন হাসিনা। তিনি বলেন, "সব সময় তিনি এলাকার মানুষের খোঁজ খবর নিতে না পারলেও আপনারাই আমার আপনজন। যত দূরেই থাকি না কেন, আপনারা আমার আত্মার আত্মীয়।"
কোটালীপাড়ার উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপও তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ লুৎফর রহমান সরকারি কলেজে অনার্স ও মাস্টার্স চালুর আশ্বাস দেন তিনি। তিনি কোটালীপাড়াকে একটি আধুনিক শহর এবং ঘাঘর বাজারকে উন্নত করার প্রতিশ্র"তিও দেন।
কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, দলের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান, সাবেক প্রধান হুইপ আবুল হাসানাত আবদুল্লাহ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আবদুল্লাহ, তালুকদার মোহাম্মদ ইউনুছ এমপি, বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন হীরণ প্রমুখ।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রাজা মিয়া বাটু, সাধারণ সম্পাদক চৌধুরী এমদাদুল হক, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুভাষ চন্দ্র জয়ধর ও সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবিরও সভায় ছিলেন।
প্রধানমন্ত্রী জনসভার আগে কোটালীপাড়া উপজেলা পরিষদ ভবনের ভিত্তিস্থাপন করেন। এরপর নবনির্মিত পৌর ভবন উদ্বোধন শেষে বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমির ভিত্তিস্থাপনও করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/২১২২ ঘ.
bdnews24