ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় সাক্ষ্য দিতে যুক্তরাষ্ট্রের এক এফবিআই কর্মকর্তা বাংলাদেশে আসায় বিএনপি বলছে, সরকার তারেককে 'ফাঁসাতে' বিদেশ থেকে সাক্ষী 'ভাড়া' করেছে।
বুধবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, "ষড়যন্ত্রমূলকভাবে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। ইতোমধ্যে সাক্ষীরা বলেছেন, এই মামলার সঙ্গে তারেক রহমানের কোনো সর্ম্পক নেই। এখন সরকার বিদেশ থেকে সাক্ষী ভাড়া করে তাকে ফাঁসাতে চাইছে।"
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারকে হটাতে খুলনা ও চট্টগ্রাম রোড মার্চের পর বিএনপি 'বৃহত্তর আন্দোলনের' কর্মসূচি দেবে বলেও জানিয়েছেন তিনি।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের কর্মকর্তা ডেবরা লাপ্রেভোট বুধবার তারেক রহমানের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় সাক্ষ্য দিতে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতে হাজির হন। তারেকের আইনজীবীরা তার সাক্ষ্য না নেওয়ার আবেদন করলে আদালত তা খারিজ করে দেয়।
এই এফবিআই কর্মকর্তার তদন্তেই তারেক ও তার ঘনিষ্ট বন্ধু গিয়াস আল মামুনের অর্থ পাচারের বিষয়টি বেরিয়ে এসেছিল।
২০০৯ সালের ২৬ অক্টোবর দায়ের করা এ মামলার অভিযোগে বলা হয়, একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যাদেশ পাইয়ে দিতে তারেক ও মামুন ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা ঘুষ নেন এবং তা সিঙ্গাপুরে পাচার করেন। গত ৮ অগাস্ট তারেকের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত।
নয়া পল্টনে মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিরোধী দলের আন্দোলনে গণজোয়ার দেখে আতঙ্কিত হয়ে দমন-পীড়ন চালাচ্ছে।
"খুলনায় রোড মার্চ হবে। এরপর চট্টগ্রামে। তারপরেই সরকারকে পদত্যাগে বাধ্য করতে বৃহত্তর কর্মসূচি দেবেন খালেদা জিয়া।"
এ জন্য নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুইদিনের কর্মসূচির অংশ হিসেবে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে মহানগর বিএনপি। সমাবেশের পর স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে একটি মিছিল জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, "সরকার গত ৬ মাসে তিন দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। এর ফলে দ্রব্যমূল্য, পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। সরকার মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। অথচ মানুষের আয় বাড়েনি।"
"কোনো কিছুর দাম কমাতে না পারলেও সরকার বিরোধী দলের ওপর দমন নির্যাতন বৃদ্ধি করে চলেছে", যোগ করেন তিনি।
মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস এ খালেকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, প্রচার সম্পাদক জয়নুল আবদিন ফারুক, শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন।
বিএনপির সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ফজলুর রহমান পটল, শামসুজ্জামান দুদু, অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনসহ জ্যেষ্ঠ নেতারাও এ কর্মসূচিতে অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৩৪৭ ঘ.
bdnews24