২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রধানমন্ত্রীর বক্তব্যে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ'

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 01:53 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে সেনা মোতায়েন নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। রোববার বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সেনা মোতায়েন বিষয়ক বক্তব্য নিয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার তিনি বলেন, "এতে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সশস্ত্র বাহিনীকে হেয় প্রতিপন্ন করা হয়েছে।'' "নির্বাচনে ভোট কারচুপি বন্ধের জন্যই সেনা মোতায়েন করা হয়।" যোগ করেন মির্জা ফখরুল। গত ৩ নভেম্বর এক আলোচনা সভায় নারায়ণগঞ্জ নির্বাচন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, "তিনি (খালেদা জিয়া) আশা করেছিলেন সেনাবাহিনী এসে ভোট চুরি করে তাদের জিতিয়ে দেবে। সেনাবাহিনীর দায়িত্ব কি ভোট চুরি করা?" ওই নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি প্রার্থী তৈমুর আলম খন্দকারের দাবির পর সেনা মোতায়েনে সশস্ত্র বাহিনী বিভাগকে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন। তবে সেখানে শেষ পর্যন্ত সেনা মোতায়েন হয়নি। মির্জা ফখরুল বলেন, কমিশনের চাহিদা অনুযায়ী সেনা মোতায়েন না করে প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা সংবিধান লঙ্ঘন করেছেন বলে স্থায়ী কমিটি মনে করে। সেনা মোতায়েন না করে সরকার সংবিধান লঙ্ঘন করেছে বলে ওই সময়ই অভিযোগ তুলেছিল বিএনপি। এর জবাবে প্রধানমন্ত্রী বলেছিলেন, এতে সংবিধানের ব্যত্যয় ঘটেনি। নয়া পল্টনে বিএনিপর কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক সংবাদ ব্রিফিঙে কথা বলছিলেন মির্জা ফখরুল। 'এক ব্যক্তির' শাসনে দেশ চলছে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, "তিন বছরের দেশ পরিচালনায় সরকারের অযোগ্যতা প্রমাণ হয়ে গেছে। দেশের অর্থনীতির অবস্থা ভালো নয়। পুঁজিবাজার ও ব্যাংকিং সেক্টরের দুরবস্থা চলছেই। এসব বিষয়ে দলের স্থায়ী কমিটি উদ্বেগ প্রকাশ করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯৪৮ ঘ.