২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, সমর্থক-পুলিশ সংঘর্ষ

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভুঁইয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে বিক্ষোভ ও রেললাইন অবরোধ করেছে তার অনুসারীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 01:46 PM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভুঁইয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে বিক্ষোভ ও রেললাইন অবরোধ করেছে তার অনুসারীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। রোববার রাত ৯টার দিকে মাহমুদুল হককে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর শহরের পাইকপাড়া, কাজিপাড়া, কুমারশীলের মোড়, পৌরমাকেটসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়। সোমবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু করে মাহমুদুলের অনুসারীরা। তারা ট্রেন আটকে রাখে। বিভিন্ন সড়কে যান চলাচলে বাধা দেয়। সকাল ১১টার দিকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস বাহ্ম্রণবাড়িয়া এসে পৌঁছালে কয়েকশ' বিক্ষোভকারী রেল লাইনের উপর বসে পড়ে। এ সময় বিক্ষোভকারীরা ট্রেনে ভাংচুর চালায়। আহতদের মধ্যে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. সালাহউদ্দিন ও এসআই মাসুদ রানাকে সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ বিক্ষোভকারীদের থামাতে গেলে সংঘর্ষ বাধে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে ইট-পাটকেল নিক্ষেপ করে। পুলিশ শতাধিক রাউন্ড শটগানের গুলি ও কাঁদানে গ্যাস সেল ছোঁড়ে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানেও বিক্ষোভকারীরা অবরোধ করে যান চলাচলে বাধা দেয়। সাড়ে চারঘণ্টা আটকে রাখার পর বিকাল সাড়ে ৩টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর প্রভাতী ট্রেন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার দিকে ছেড়ে আসে, জানান অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ। বিক্ষোভের শুরুতে সকাল ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে একদল যুবক কয়েকটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া বেলা ১১টার দিকে বিক্ষোভ থামাতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের কয়েক দফা ধাওয়া-ধাওয়িও হয়। এ সময় তারা একটি ট্রাক ভাঙচুর করে। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মাহমুদুলকে গ্রেপ্তার করা হয়েছে।" শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাহমুদুল হক ভূঁইয়া গত পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/কেটি/সিএস/ডিডি/১৯৩১ ঘ.