২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দ আশরাফের পদত্যাগের গুজব

যুক্তরাষ্ট্রের বাংলা ভাষার একটি সংবাদ সংস্থা দলীয় পদ ও মন্ত্রিসভা থেকে সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের খবর দিলেও তা নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2011, 08:28 AM

Updated : 24 Aug 2022, 04:46 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের বাংলা ভাষার একটি সংবাদ সংস্থা দলীয় পদ ও মন্ত্রিসভা থেকে সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের খবর দিলেও তা নিছক গুজব বলে উড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ। সংবাদ সংস্থা নিউজ ওয়ার্ল্ড পরিবেশিত একটি সংবাদ সোমবার বাংলাদেশের ট্যাবলয়েড মানবজমিন-এর অনলাইন সংস্করণে প্রকাশিত হয়েছে। তাতে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে মতপার্থক্যের কারণে আশরাফ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। এ খবরের সত্যতা জানতে চাইলে আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এটি অসত্য, বানোয়াট খবর। কেউ হীন উদ্দেশ্য চরিতার্থ করতে এ খবর দিয়েছে।" তিনি জানান, সৈয়দ আশরাফ সোমবার সকালেই দলের পক্ষ থেকে শহীদ মিনারে প্রয়াত ভাষাসৈনিক ইমদাদ হোসেনের প্রতি শ্রদ্ধা জানান। এরপর জাতিসংঘ মহাসচিবের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তারাও মন্ত্রীর পদত্যাগের এ সংবাদকে গুজব বলে উড়িয়ে দেন। কর্মকর্তারা জানান, আশরাফ নিয়মিত দাপ্তরিক কাজ করছেন। সোমবার সকালেও বাড়িতে বসে কয়েকটি ফাইলে সই করেন তিনি। নিউজ ওয়ার্ল্ডের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী সার্ক সম্মেলনে অংশ নিতে মালদ্বীপ যাওয়ার আগেই পদত্যাগপত্র জমা দেন আশরাফ। তবে খবরের সূত্র হিসেবে কারো নাম উল্লেখ করা হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে, নারায়ণগঞ্জের নির্বাচন এবং নরসিংদীর মেয়র লোকমান হোসেন হত্যাকাণ্ডের বিষয়ে দলীয় অবস্থান আশরাফ মেনে নিতে পারছেন না। বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সৈয়দ নজরুল ইসলামের ছেলে আশরাফ ২০০৭ সালে জরুরি অবস্থা জারির পর আওয়ামী লীগে গুরুত্বপূর্ণ দায়িত্বে চলে আসেন। অধিকাংশ কেন্দ্রীয় নেতা কারাগারে থাকার কারণে তিনি ওই সময় দলের মুখপাত্র হিসেবে কাজ করেন। আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার পর সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এর আগে শেখ হাসিনার সরকারে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন তিনি। বঙ্গবন্ধুর আরেক ঘনিষ্ঠ সহচর তাজউদ্দিন আহমেদের ছেলে তানজীম আহমেদ সোহেল তাজও শুরুতে বর্তমান মন্ত্রিসভায় ছিলেন। পরে তিনি পদত্যাগ করেন, যদিও তার পদত্যাগের খবর অনেক পরে সরকারের পক্ষ থেকে স্বীকার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমকে/এমআই/১৪২৫ ঘ.