ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হক ভুঁইয়াকে গ্রেপ্তারের প্রতিবাদে শহরে বিক্ষোভ করেছে তার অনুসারীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে রাবার বুলেটে পাঁচ জন আহত হয়েছেন।
রোববার রাত ৯টার দিকে মাহমুদুলকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শহরের পাইকপাড়া, কাজিপাড়া, কুমারশীলের মোড়, পৌরমাকেটসহ বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। সোমবার সকাল থেকে ফের বিক্ষোভ শুরু করে মাহমুদুলের অনুসারীরা।
সকাল ১০টার দিকে পৌর সুপার মার্কেটের সামনে একদল যুবক কয়েকটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। এ ছাড়া বেলা ১১টার দিকে বিক্ষোভ থামাতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধদের কয়েক দফা ধাওয়া-ধাওয়িও হয়। এ সময় তারা একটি ট্রাক ভাঙচুর করে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার জামিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দু'টি মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় মাহমুদুলকে গ্রেপ্তার করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৪০৩ ঘ.
bdnews24