ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশ 'বন্ধক' রেখে বিদেশি ব্যাংক থেকে সরকার ঋণ নেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপিনেতা খন্দকার মোশাররফ হোসেন।
শনিবার তিনি বলেন, "সরকার প্রতিদিন দেশীয় ব্যাংক থেকে ১১০ কোটি টাকা ঋণ নিচ্ছে। গত কয়েক মাসে তারা ১২ হাজার কোটি টাকার মতো ঋণ নিয়ে ফেলেছে।"
ব্যাংক থেকে ঋণ নেয়ার ফলে দেশের অর্থনীতির 'বিপর্যস্ত অবস্থা' তুলে ধরে খন্দকার মোশাররফ বলেন, "এভাবে সরকার দেশকে '৭৫ সালের আগের অবস্থায় ফিরিয়ে নিতে চায়।"
"এখন সরকার সার্বভৌমত্ব বন্ধক দিয়ে বিদেশি ব্যাংক থেকেও ঋণ নেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে।" মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, "দেশকে বন্ধক রেখে এই ঋণ নেওয়া হচ্ছে। সরকারের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে তা এই কর্মকাণ্ড থেকে সহজে বোঝা যায়।"
জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপির চিকিৎসক অঙ্গসংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে ৭ নভেম্বর জাতীয় 'বিপ্লব ও সংহতি' দিবস উপলক্ষে এক আলোচনা সভায় কথা বলছিলেন তিনি।
ব্যাংক থেকে সরকারের ঋণ নিয়ে আলোচনার মুখে গত ১৭ অক্টোবর অর্থমন্ত্রী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,
ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ নিয়ে অযথা হৈ চৈ হচ্ছে।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির সমালোচনা করে মোশাররফ শনিবার বলেন, "এ মূল্য বৃদ্ধির ফলে নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী, পরিবহন খাতসহ সাধারণ মানুষজন তথা সামগ্রিক অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে। ইতিমধ্যে বাজারে তা শুরু হয়ে গেছে। জ্বালানি তেলের এবারের মূল্য বৃদ্ধি মরার ওপর খাড়ার ঘাঁ হয়ে দেখা দেবে।"
বর্তমান সরকার 'অধিক জ্বরে' আক্রান্ত হয়ে আবোল-তাবোল বকতে শুরু করেছে মন্তব্য করে তিনি বলেন, "গত কয়েকদিন আগেই অর্থমন্ত্রী বলেছেন, জ্বালানি তেলের দাম বাড়ানো হবে না, সিএনজি'র দাম ডিজেলের সমান করা হবে। অর্থমন্ত্রীর এই বক্তব্যের রাতেই হঠাৎ করে জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেওয়া হলো। এ থেকে বোঝা যায়- সরকারের ভেতরে কোনো সমন্বয় নেই।"
ডিজেল, কেরোসিন, পেট্রোল, অকটেন ও ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে তা কার্যকর করে সরকার। এ নিয়ে ছয় মাসের ব্যবধানে জ্বালানি তেলের দাম তিন দফা বাড়ানো হয়।
ড্যাব সভাপতি অধ্যাপক এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শওকত মাহমুদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান মিয়া, অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, চাষী নজরুল ইসলাম ও ড্যাব মহাসচিব অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০৬ ঘ.
bdnews24