২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'শীর্ষ যুদ্ধাপরাধীদের বিচার আগামী বছরের মধ্যে'

আগামী বছরের মধ্যে সাত থেকে আটজন শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে বলে মনে করছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2011, 11:49 AM

Updated : 24 Aug 2022, 04:45 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী বছরের মধ্যে সাত থেকে আটজন শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে বলে মনে করছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে শনিবার দুপুরে এক গোলটেবিলে তিনি বলেন, "আগামী বছরের মধ্যে অবশ্যই শীর্ষ ৭ থেকে ৮ যুদ্ধাপরাধীর বিচার শেষ হবে। আগামী দুই মাসের মধ্যে এদের বিচার প্রক্রিয়া শুরু হবে। কোনো আন্দোলন আর রোড মার্চ করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করা যাবে না।" আইন প্রতিমন্ত্রী বলেন, "খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে সাক্ষীদের ভয়-ভীতি দেখাচ্ছে। কিন্তু ভয়-ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না।" "অনেকে বলছেন, বিচার বিলম্বিত হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে, একটি সাধারণ খুনের বিচার করতে ২-৩ মাস সময় লাগে। আর ৪০ বছর আগের বিচার করতে তো কিছুটা সময় লাগবেই", যোগ করেন কামরুল। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামী ও বিএনপির সাতজন নেতা আটক রয়েছে। এরা হলেন, জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সহকারী সেক্রেটারি জেনারেল কামরুজ্জামান ও আব্দুল কাদের মোল্লা এবং বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জিয়াউর রহমান আমলের মন্ত্রী আব্দুল আলীম। সাবেক সেনাপ্রধান হারুনুর রশিদ বলেন, "জামায়াত সারাদেশে ঘরে ঘরে গিয়ে বিচারের বিরুদ্ধে জনমত গঠন করছে। আন্তর্জাতিক পর্যায়েও তারা জনমত গঠন করছে। কিন্তু আমরা কিছুই করছি না। আমাদেরও উচিত গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়া। বিচারের পক্ষে জনমত গঠন করা।" শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইসরাফিল আলম এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৭৪৯ ঘ.