ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তনের দাবিতে আন্দোলনের সমালোচনা করে বিরোধী দলকে তাদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শুক্রবার ঢাকা রিপোর্টাস ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি বলেন, "জাতীয় সংসদ নির্বাচনের এখনো দুই বছরের বেশি সময় বাকি। অথচ এখন থেকেই বিরোধী দল তত্ত্বাবধায়কের অধীনে জাতীয় নির্বাচন করতে হবে বলে মাঠ উত্তপ্ত করার চেষ্টা চালাচ্ছে।"
"তারা আন্দোলন করছে, অথচ এখন পর্যন্ত এর যৌক্তিকতা দেখাতে পারেনি। আমি তাদের প্রতি আহ্বান জানাই, আপনারা আপনাদের দাবির পক্ষে যুক্তি দেখান", বলেন কামরুল।
গত ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। বিএনপিসহ বিরোধী দলগুলো শুরু থেকেই এর বিরোধিতা করে আসছে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন তার দল মেনে নেবে না।
তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিতে সিলেট ও চাঁপাইনবাবগঞ্জ অভিমুখে রোডমার্চসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিরোধী দল।
তবে এখন আর এ ব্যবস্থার প্রয়োজন নেই দাবি করে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী বলেন, "১৯৯৬ সালে আমাদেরও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করতে হয়েছিল, কারণ গণতন্ত্রের লেবাসে তখন দেশে স্বৈরতান্ত্রিক শাসন চলছিল।"
১৯৯৬ সালে আওয়ামী লীগসহ বিরোধী দলের আন্দোলনের মুখে বিএনপি সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা প্রবর্তন করে। এর পরপরই খালেদা জিয়া সরকার ভেঙে দিয়ে নির্বাচন দেন, যাতে বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে।
এছাড়া ২০০১ থেকে ২০০৭ পর্যন্ত সময়ে চার দলীয় জোট সরকারের আমলেও জঙ্গীবাদ, সংখ্যালঘুদের ওপর নির্যাতন, সাংবাদিক হত্যাসহ বিভিন্ন কারণে গণতন্ত্র রক্ষায় আওয়ামী লীগকে আন্দোলন করতে হয়েছিল বলে উল্লেখ করেন কামরুল।
২০০৭ থেকে দুই বছরের তত্ত্বাবধায়ক সরকারের 'রূপ চিন্তা করলেই ভয় করে'- এমন মন্তব্য করে বিরোধী দলের কাছে তিনি প্রশ্ন রাখেন, "আপনারা তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন, কিন্তু বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজনীতিক-ব্যবসায়ীদের ওপর যে হয়রানি নিপীড়ন হয়েছে, ছাত্রদের ওপর নির্যাতনসহ যা যা হয়েছে- সব আপনারা ভুলে গেছেন?"
তত্ত্বাবধায়ক সরকারকে 'একটি ডেড ইস্যু' আখ্যায়িত করে প্রতিমন্ত্রী বলেন, যারা এ ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আন্দোলন করছে, তারা 'বোকার স্বর্গে' বসবাস করছে।
বিরোধী দলকে 'সংঘাতের রাজনীতি' পরিহার করে সংসদে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, "বর্তমান সরকার নির্বাচন কমিশনের কোনো কাজে হস্তক্ষেপ করেনি, ভবিষ্যতেও করবে না।"
'গণতন্ত্রের জন্য নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই' শীর্ষক এ আলোচনা সভায় অন্যদের মধ্যে আওয়ামী লীগ নেতা সতীশ চন্দ্র রায়, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ, বঙ্গবন্ধু একাডেমীর সহসভাপতি রেজাউল করিম রেজা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/জেকে/১৫২০ ঘ.
bdnews24